ধারা ১২৪বিধি প্রণয়ন
একাদশ অধ্যায় বিবিধ
ধারা ১২৪
124. বিধি প্রণয়ন (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া এবং উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্তরূপ বিধিতে নিম্নবর্ণিত বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) ট্রেডমার্ক নিবন্ধনের উদ্দেশ্যে আন্তর্জাতিক শ্রেণী বিভাগ অনুযায়ী পণ্য বা সেবার শ্রেণীবিন্যাস নির্ধারণ এবং উক্ত শ্রেণীবিন্যাসের সহিত সামঞ্জস্য রাখিয়া নিবন্ধন বহি সংশোধনের জন্য ক্ষমতা প্রদান; (খ) ট্রেডমার্কের অনুলিপি এবং এতদ্সংক্রান্ত অন্যান্য দলিল প্রণয়নের নির্দেশ প্রদান; (গ) ট্রেডমার্কের অনুলিপি এবং এতদ্সংক্রান্ত অন্যান্য দলিলের প্রকাশনা, বিক্রয় অথবা বিতরণের নিরাপত্তা বিধান ও নিয়ন্ত্রণের ব্যবস্থা; (ঘ) নিবন্ধন বহির এন্ট্রি সংশোধনের ব্যবস্থা ; (ঙ) নিবন্ধন বহি পরিদর্শনের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত এবং বাধা-নিষেধ নির্ধারণ ; (চ) নিবন্ধন সনদের ফরম নির্ধারণ ; (ছ) ধারা ৪৪(১) এর অধীন আবেদন গ্রহণ না করা সংক্রান্ত বিধান; (জ) ধারা ৪৫(১) এর অধীন আবেদনের সহিত সংযোজিত অতিরিক্ত দলিল, তথ্য বা সাক্ষ্য নির্ধারণ; (ঝ) ধারা ৬৬ এর উদ্দেশ্য পূরণকল্পে বস্ত্রপণ্যের শ্রেণীবিভাগ নির্ধারণ; (ঞ) ধারা ৯১ এর অধীন নিবন্ধক কর্তৃক নির্ধারিত খরচ সংক্রান্ত বিষয়াবলী নিয়ন্ত্রণ; (ট) ধারা ১১৩ এ উল্লিখিত প্রতিনিধি যে সকল শর্ত সাপেক্ষে, কাজ করিতে পারিবেন তাহা নির্ধারণ ; (ঠ) এই আইনের অধীন প্রদেয় সকল ফি নির্ধারণ; (ড) এই আইন কার্যকর করিবার সুবিধার্থে ট্রেডমার্ক রেজিস্ট্রি এর শাখা অফিস স্থাপন এবং অনুরূপ শাখার নিবন্ধন বহির কপি তৈরির বিধান; (ঢ) এই আইনের অধীন সরকার অথবা নিবন্ধক সমক্ষে আনীত কার্যধারায় আবেদন দাখিল, নোটিশ প্রদান এবং অন্যান্য বিষয় বিজ্ঞাপিত করিবার বিধান নির্ধারণ; (ণ) এই আইনের অধীন নির্ধারিত সময় বা মেয়াদ নির্ধারণ; (ত) ট্রেডমার্ক রেজিস্ট্রি এবং উহার শাখা অফিসের কার্য নিয়ন্ত্রণ এবং এই আইনের অধীন সরকার বা নিবন্ধককে প্রদত্ত ক্ষমতা নিয়ন্ত্রণকল্পে বিধান; (থ) ধারা ৭০ এর উদ্দেশ্য পূরণকল্পে, নমুনা বাছাই সংক্রান্ত যাবতীয় বিধান; (দ) পাকানো সুতা এবং তুলার সুতা মার্ক যুক্ত করিবার পদ্ধতি এবং উক্ত ধারার বিধানাবলী হইতে কতিপয় কারখানা ও প্রাঙ্গনকে অব্যাহতি প্রদানের বিধান; (ধ) ধারা ৬৯ এর উদ্দেশ্য পূরণকল্পে, দৈর্ঘ্যের মাপে বা টুকরা হিসাবে সাধারণভাবে বিক্রয় হয় এমন টুকরা পণ্যসমূহের শ্রেণীবিন্যাসের বিধান; (ন) ধারা ১২৩ এর উদ্দেশ্য পূরণকল্পে গণযোগাযোগ ও তথ্য-প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিধান; এবং (প) প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে বিধান ।