ধারা ৫৪নিবন্ধন বহির এন্ট্রির সংশোধিত ও প্রতিস্থাপিত পণ্য বা সেবার শ্রেণীতে অভিযোজন
সপ্তম অধ্যায় নিবন্ধন বহি সংশোধন, ইত্যাদি
ধারা ৫৪
54. নিবন্ধন বহির এন্ট্রির সংশোধিত ও প্রতিস্থাপিত পণ্য বা সেবার শ্রেণীতে অভিযোজন (১) নিবন্ধক কর্তৃক নিবন্ধন বহিতে এইরূপ কোন সংশোধন করা যাইবে না, যাহাতে উক্তরূপ সংশোধনের অব্যবহিত পূর্বে নিবন্ধিত কোন ট্রেডমার্ক সংশ্লিষ্ট পণ্য বা পণ্যশ্রেণী অথবা সেবা বা সেবাশ্রেণীর সহিত অন্য কোন পণ্য বা পণ্যশ্রেণী বা সেবা বা সেবাশ্রেণী যুক্ত হইয়া পড়ে অথবা কোন পণ্য বা সেবার ট্রেডমার্কের নিবন্ধনের তারিখ পূর্ববর্তী নিবন্ধনের তারিখের অগ্রবর্তী হয়। (২) নিবন্ধকের নিকট যদি প্রতীয়মান হয় যে, উক্ত সংশোধনের ফলে উক্তরূপ যুক্ত হওয়া বা পূর্ব-তারিখিকরণের কারণে অযথা জটিলতা সৃষ্টি বা উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বা সেবা ক্ষতিগ্রস্ত বা কোন ব্যক্তির অধিকার ক্ষুণ্ন করিবে না, তাহা হইলে উক্ত ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না। (৩) যেক্ষেত্রে নিবন্ধন বহি সংশোধনের প্রস্তাব করা হয়, সেক্ষেত্রে উক্ত সংশোধন দ্বারা যে নিবন্ধিত স্বত্বাধিকারী ক্ষতিগ্রস্ত হইবেন বা হইতে পারেন, তাহাকে, নির্ধারিত পদ্ধতিতে, নোটিশ প্রদান করিতে হইবে এবং প্রস্তাবিত সংশোধন দ্বারা উপ-ধারা (১) এর বিধানাবলী লঙ্ঘিত হইলে, যে কোন সংক্ষুব্ধ ব্যক্তি উক্ত প্রস্তাবের বিরোধিতা করিয়া নিবন্ধকের নিকট আবেদন করিতে পারিবেন।