বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯
ধারা ৩৩পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি
ধারা ৩৩
33. পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা, উন্নয়ন এবং মূল্যায়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) সকল ডীন; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তিনজন প্রধান; (চ) সরকার কর্তৃক মনোনীত একজন পরিকল্পনা ও উন্নয়ন বিশেষজ্ঞ; (ছ) পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন এবং মূল্যায়ন), যিনি উহার সচিবও হইবেন। (২) পরিকল্পনা, উন্নয়ন এবং মূল্যায়ন কমিটির কোন মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন। (৩) পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি উহার সভা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কার্যপদ্ধতি নির্ধারণ করিবে। (৪) পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি- (ক) কলেজ বা প্রতিষ্ঠানসমূহের উন্নয়নমূলক প্রকল্পসমূহের জন্য শিক্ষা, পরিকল্পনা এবং অর্থ মন্ত্রণালয়ের সহিত সমন্বয় করিবে; (খ) পরিকল্পনা এবং উন্নয়নমূলক প্রকল্পসমূহের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহিত সমন্বয় করিবে; (গ) উন্নয়ন প্রকল্পসমূহের তদারকি করিবে; (ঘ) বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করিবে; (ঙ) সকল তহবিলের ব্যবস্থা নির্ধারণ করিবে; (চ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, প্রযোজ্য ক্ষেত্রে, বাৎসরিক এবং ত্রৈমাসিক প্রতিবেদন দাখিল করিবে; এবং (ছ) অন্যান্য দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করিবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯