স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
ধারা ৪৪নাগরিক সনদ প্রকাশ
দ্বিতীয় ভাগ
ষষ্ঠ অধ্যায় কর্পোরেশনের কার্যাবলী
ধারা ৪৪
44. নাগরিক সনদ প্রকাশ (১) কর্পোরেশন “নাগরিক সনদ” শীর্ষক দলিলের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের বিবরণ, সেবা প্রদানের শর্তসমূহ এবং সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা নিশ্চিতকরণের বিবরণ প্রকাশ করিবে। (২) নাগরিক সনদ প্রতি বৎসর অন্যূন একবার হালনাগাদ করিতে হইবে। (৩) সরকার কর্পোরেশনের জন্য আদর্শ নাগরিক সনদ সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করিতে পারিবে। (৪) প্রতিটি কর্পোরেশন সরকারের অবগতিতে সংশ্লিষ্ট নাগরিক সনদের প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন করিতে পারিবে। (৫) নাগরিক সনদে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথাঃ- (ক) প্রতিটি সেবার নির্ভুল ও স্বচ্ছ বিবরণ; (খ) সেবা প্রদানের মূল্য; (গ) সেবা গ্রহণ ও দাবী করা সংক্রান্ত যোগ্যতা ও প্রক্রিয়া; (ঘ) সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা; (ঙ) নাগরিকদের সেবা সংক্রান্ত দায়িত্ব; (চ) সেবা প্রদানের নিশ্চয়তা; (ছ) সেবা প্রদান সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া; এবং (জ) সনদে উল্লিখিত অঙ্গীকার লংঘনের ফলাফল।