স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯
ধারা ৪৯নাগরিক সনদ প্রকাশ
অষ্টম অধ্যায় পরিষদের সভা, ক্ষমতা ও কার্যাবলী
ধারা ৪৯
49. নাগরিক সনদ প্রকাশ (১) এই আইনের অধীন গঠিত প্রতিটি পরিষদ, নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিয়া বিভিন্ন প্রকারের নাগরিক সেবা প্রদানের বিবরণ, সেবা প্রদানের শর্তসমূহ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করিবার বিবরণ প্রকাশ করিবে যাহা "নাগরিক সনদ"(Citizen Charter) বলিয়া অভিহিত হইবে। (২) সরকার পরিষদের জন্য আদর্শ নাগরিক সনদ সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করিবে এবং পরিষদ আইন ও বিধি সাপেক্ষে, এ নির্দেশিকার প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করিবার ক্ষমতা রাখিবে : তবে শর্ত থাকে যে, এই ধরনের পরিবর্তন বা পরিবর্ধন করা হইলে, তাহা অবগতির জন্য সরকারকে অবহিত করিতে হইবে। (৩) নাগরিক সনদ সময়ে সময়ে হাল নাগাদ করিতে হইবে। (৪) নাগরিক সনদ সংক্রান্ত বিধিমালা প্রণয়নে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা :- (ক) প্রতিটি সেবার নির্ভুল ও স্বচ্ছ বিবরণ; (খ) সেবা প্রদানের মূল্য; (গ) সেবা গ্রহণ ও দাবি করা সংক্রান্ত যোগ্যতা ও প্রক্রিয়া; (ঘ) সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা; (ঙ) সেবা সংক্রান্ত বিষয়ে নাগরিকদের দায়িত্ব; (চ) সেবা প্রদানের নিশ্চয়তা; (ছ) সেবা প্রদান সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া; এবং (জ) সনদে উল্লিখিত অঙ্গীকার লংঘনের ফলাফল।