বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০
ধারা ১৩কোষাধ্যক্ষ
ধারা ১৩
13. কোষাধ্যক্ষ (১) চ্যান্সেলর, তদ্কতৃর্ক নির্ধারিত শর্তে, ৪(চার) বৎসর মেয়াদের জন্য, একজন কোষাধ্যক্ষ নিযুক্ত করিবেন। (২) কোষাধ্যক্ষ সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন। (৩) কোষাধ্যক্ষ, পদাধিকারবলে, অর্থ কমিটির সভাপতি হইবেন এবং উক্ত কমিটির সভা আহ্বান করিবেন। (৪) ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে কোষাধ্যক্ষের পদ সাময়িকভাবে শূন্য হইলে ভাইস-চ্যান্সেলর অবিলম্বে চ্যান্সেলরকে তদ্সম্পর্কে অবহিত করিবেন এবং চ্যান্সেলর কোষাধ্যক্ষের কার্যাবলী সম্পাদনের জন্য যেরূপ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলিয়া মনে করিবেন সেইরূপ ব্যবস্থা গ্রহণ করিবেন। (৫) কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তত্ত্বাবধান করিবেন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত নীতি সম্পর্কে ভাইস-চ্যান্সেলর, সংশ্লিষ্ট কমিটি, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট সংস্থাকে পরামর্শ প্রদান করিবেন। (৬) কোষাধ্যক্ষ, সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ব্যবস্থাপনা করিবেন এবং তিনি বার্ষিক বাজেট ও হিসাব বিবরণী পেশ করিবার জন্য সিন্ডিকেটের নিকট দায়ী থাকিবেন। (৭) যে খাতের জন্য অর্থ মঞ্জুর বা বরাদ্দ করা হইয়াছে সে খাতেই যেন উহা ব্যয় হয় তাহা তত্ত্বাবধান করিবার জন্য কোষাধ্যক্ষ, সিন্ডিকেট প্রদত্ত ক্ষমতা সাপেক্ষে, দায়ী থাকিবেন। (৮) কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ সংক্রান্ত সকল চুক্তিতে স্বাক্ষর করিবেন।