বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০
ধারা ৩১পরিকল্পনা ও উন্নয়ন কমিটি
ধারা ৩১
31. পরিকল্পনা ও উন্নয়ন কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত একজন ডীন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত, বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন এইরূপ, সিন্ডিকেটের একজন সদস্য; (ঙ) একাডেমিক কাউন্সিল কতৃর্ক মনোনীত একজন অধ্যাপক; (চ) সিন্ডিকেট কতৃর্ক মনোনীত, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ, একজন প্রকৌশলী; (ছ) সিন্ডিকেট কতৃর্ক মনোনীত একজন স্থপতি বা পরিকল্পনাবিদ; (জ) বাংলাদেশ টেক্সাইল মিল্স এসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন(বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়ার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি কতৃর্ক একজন করিয়া মনোনীত ৩ (তিন) জন বিশেষজ্ঞ প্রতিনিধি; এবং (ঝ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোন মনোনীত সদস্য ৩ (তিন) বৎসর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও, তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন। (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিকল্পনা সংস্থা হইবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্য রাখিয়া উহার জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মসূচীর মূল্যায়ন করিবে। (৪) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি সংবিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলীও সম্পাদন করিবে।