বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ১০৮অসিদ্ধ রায় অথবা দণ্ডাদেশকে বৈধ রায় ও দণ্ডাদেশ দ্বারা প্রতিস্থাপন
ত্রয়োদশ অধ্যায় রায় এবং দণ্ডাদেশ অনুমোদন (confirmation) এবং পুনর্বিবেচনা
ধারা ১০৮
108. অসিদ্ধ রায় অথবা দণ্ডাদেশকে বৈধ রায় ও দণ্ডাদেশ দ্বারা প্রতিস্থাপন (১) যেক্ষেত্রে কোন বর্ডার গার্ড আদালতে ‘‘দোষী’’ রায় অনুমোদিত হইবার পূর্বে অথবা, রায় অনুমোদনের প্রয়োজন না থাকিলে রায় ঘোষণার পর কোন কারণে রায়টি অসিদ্ধ প্রতীয়মান হয় বা সাক্ষ্য দ্বারা সমর্থিত না হয়, সে ক্ষেত্রে ধারা ১২২ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ নূতন রায় প্রতিস্থাপন করিতে পারিবে এবং উক্ত কর্তৃপক্ষ যদি মনে করে বর্ডার গার্ড আদালত কর্তৃক রায়টি আইন সম্মতভাবে প্রদান করা যাইত তাহা হইলে উল্লিখিত অপরাধের জন্য প্রযোজ্য দণ্ড প্রতিস্থাপন করিতে পারিবে। (২) যেক্ষেত্রে বর্ডার গার্ড আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অনুমোদিত হইবার পূর্বে বা যে দণ্ডাদেশ অনুমোদনের প্রয়োজন নাই, উপ-ধারা (১) অনুসারে নূতন রায়ের প্রেক্ষিতে প্রতিস্থাপিত দণ্ডাদেশ ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোন কারণে প্রদত্ত দণ্ড অসিদ্ধ বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে উক্ত উপ-ধারায় উল্লিখিত কর্তৃপক্ষ বৈধ দণ্ডাদেশ প্রদান করিতে পারিবে। (৩) যে অসিদ্ধ দণ্ডের জন্য উপ-ধারা (১) বা উপ-ধারা (২) এর অধীন নূতন দণ্ড প্রতিস্থাপিত হয় উহা প্রদেয় দণ্ড অপেক্ষা অধিক হইবে না। (৪) এই ধারার অধীন বর্ডার গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশ কোন রায় ও দণ্ডাদেশ দ্বারা প্রতিস্থাপিত হইলে এবং প্রতিস্থাপিত রায়ের প্রেক্ষিতে অপরাধের জন্য নির্ধারিত দণ্ড প্রদান করা হইলে, উহা এমনভাবে কার্যকর হইবে যেন উহা বর্ডার গার্ড আদালত কর্তৃক প্রদান করা হইয়াছে।