বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ৬৯গার্ড পুলিশ
দশম অধ্যায় গ্রেফতার এবং বিচার-পূর্ব কার্যপদ্ধতি
ধারা ৬৯
69. গার্ড পুলিশ (১) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা উপ-ধারা (২) ও (৩) এ উল্লিখিত দায়িত্ব পালনের নিমিত্ত অধিভুক্ত ব্যক্তিগণের মধ্য হইতে বিধি দ্বারা নির্ধারিত সংখ্যক গার্ড পুলিশ, অতঃপর ‘গার্ড পুলিশ’ নামে অভিহিত, নিয়োগ করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগপ্রাপ্ত গার্ড পুলিশের কর্তব্য নিম্নরূপ হইবেঃ- (ক) বাহিনীতে সু-আচরণ ও শৃঙ্খলা রক্ষা করা; এবং (খ) সু-আচরণ ও শৃঙ্খলার ব্যত্যয় প্রতিরোধ করা। (৩) ধারা ৬৩ এর বিধান সাপেক্ষে, কোন অধিভুক্ত ব্যক্তি যখন কোন অপরাধ সংঘটন করেন বা অপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত হন, তখন গার্ড পুলিশ তাহাকে যে কোন সময় গ্রেফতার করিতে পারিবেন এবং বর্ডার গার্ড আদালত কর্তৃক প্রদত্ত দন্ডাদেশ অথবা ধারা ৫৯ এর ক্ষমতাবলে কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত দন্ডাদেশ কার্যকর করিবার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।