Skip to content

জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১

ধারা ৬তদন্ত ও আইনানুগ কার্যক্রম

বলবৎ

ধারা ৬

6. তদন্ত ও আইনানুগ কার্যক্রম (১) কোন তথ্য প্রকাশকারী ধারা ৪ এর অধীন উপযুক্ত কর্তৃপক্ষের নিকট কোন তথ্য প্রকাশ করিলে উক্ত কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের উদ্যোগ গ্রহণ করিবে অথবা বিষয়টি অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষের এখতিয়ারাধীন হইলে উহা সেই কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবে। (২) উপযুক্ত কর্তৃপক্ষের নিকট কোন জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হইলে বা, ক্ষেত্রমত, প্রেরণ করা হইলে উক্ত কর্তৃপক্ষ স্বয়ং বিষয়টি তদন্ত করিতে পারিবে অথবা অন্য কোন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত করাইতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন কোন বিষয় তদন্তকালে উপযুক্ত কর্তৃপক্ষ বা, ক্ষেত্রমত, যথাযথ কর্তৃপক্ষ তথ্য প্রকাশকারীর নিকট হইতে, প্রয়োজনে, প্রাসঙ্গিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করিতে পারিবে। (৪) তদন্তকালে বা তদন্ত অনুষ্ঠানের পর যদি দেখা যায় যে,- (ক) প্রকৃত ঘটনা ও অভিযোগ তুচ্ছ প্রকৃতির, বিরক্তিকর এবং ভিত্তিহীন; অথবা (খ) তদন্ত ও আইনানুগ কার্যক্রম চালাইবার মত যথেষ্ট কোন কারণ ও উপাদান বিদ্যমান নাই- তাহা হইলে উপযুক্ত কর্তৃপক্ষ তৎক্ষণাৎ সংশ্লিষ্ট বিষয়ে গৃহীত কার্যক্রম বন্ধ করিবে, এবং বিষয়টি উপ-ধারা (২) এর বিধান অনুযায়ী অন্য কোন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত করা হইলে, উক্ত কর্তৃপক্ষ উহার প্রতিবেদন উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবে এবং উপযুক্ত কর্তৃপক্ষ তদনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করিবে। (৫) নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত অনুষ্ঠানের পর যদি দেখা যায় যে, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি সত্য ও সঠিক, তাহা হইলে উপযুক্ত কর্তৃপক্ষ তাহার বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে। (৬) এই ধারার অধীন কোন তদন্তের ক্ষেত্রে কোন তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত সময়সীমার মধ্যে উহার তদন্ত কার্যক্রম সমাপ্ত করিতে ব্যর্থ হইলে এবং নির্ধারিত সময়ের প্রয়োজন হইলে, তৎসম্পর্কে যুক্তিসঙ্গত কারণ উল্লেখপূর্বক বর্ধিত সময় মঞ্জুরের জন্য আবেদন না করিলে, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

End of ধারা ৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১