ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২
ধারা ৯কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী
ধারা ৯
9. কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ— (ক) ঢাকা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে পরিবহন নীতিমালা ও স্কীম প্রণয়ন, অনুমোদন এবং পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন ও উহা বাস্তবায়নের কার্যক্রম তদারকী; (খ) সরকারী ও বেসরকারী পরিবহন ব্যবস্থাপনার সুস্পষ্ট দিক-নির্দেশনাসহ উন্নত পরিবহণ সেবা নিশ্চিত করা; (গ) বিভিন্ন কর্তৃপক্ষ ও সংস্থার বাস্তবায়িতব্য পরিবহন সংশ্লিষ্ট প্রকল্পসমূহের চূড়ান্ত নক্সা অনুমোদন; (ঘ) Act এর Section 74 (1) এর অধীন প্রকাশিত মাস্টার প্ল্যান, DAP, STP ও অন্যান্য সমীক্ষা বিবেচনাক্রমে ঢাকার পরিবহন, যানবাহন, রাস্তা, ফুটপাত, রাস্তা সংলগ্ন স্থানের ব্যবস্থাপনা এবং পার্কিং নীতি প্রণয়ন; (ঙ) রাস্তায় পথচারীদের চলাচলের নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং উহা বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয়; (চ) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্মিতব্য বহুতল ভবন ও আবাসিক প্রকল্পে যানবাহনের প্রবেশ-নির্গমন ও চলাচল (Traffic Circulation) সংক্রান্ত নক্সা অনুমোদন এবং তদারকী; (ছ) সুষ্ঠু পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টিকারী অবকাঠামো নির্মাণে এবং প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নির্মিত অবকাঠামো অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান; (জ) সকল প্রকার ব্যাক্তিমালিকানাধীন যানবাহন, সরকারী ও বেসরকারী পরিবহন নিয়ন্ত্রণের নীতিমালা প্রণয়ন, উক্ত নীতিমালা বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশাবলী প্রণয়ন এবং পরিবহন পরিচালনা প্রতিষ্ঠান ও সংস্থার সহিত প্রয়োজনীয় চুক্তি সম্পাদন; (ঝ) যানবাহন চলাচলের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাসমূহকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান; (ঞ) পরিবহন ব্যবহারকালে জননিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষ্যে ও পরিবহন সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা প্রণয়ন; (ট) সকল শ্রেণীর ও প্রকারের যানবাহনের পরিবেশ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও উহা বাস্তবায়নে দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান; (ঠ) পরিবহন সংক্রান্ত কর আরোপ এবং অন্যান্য আর্থিক ব্যবস্থার বিষয়ে পরামর্শ প্রদান; (ড) যানবাহন ও পরিবহন ইঞ্জিনিয়ারিং স্কীম প্রণয়ন এবং উহা অনুমোদন; (ঢ) যানবাহনের পার্কিং সুবিধার লক্ষ্যে গৃহীত পার্কিং প্ল্যান ও যানবাহন চলাচলের নক্সা অনুমোদন; (ণ) যানবাহনের ডিপো, টার্মিনাল, ইত্যাদি স্থাপনার বিষয়ে পরিকল্পনা প্রণয়ন এবং উহা বাস্তবায়নে পরামর্শ প্রদান ও তদারকী; (ত) পরিবহন খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে প্রশিক্ষণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন ও তদারকী; (থ) বিভিন্ন শ্রেণীর পরিবহনের সংখ্যা ও প্রকৃতি নির্ধারণ; (দ) যানবাহন ও পরিবহন সংক্রান্ত আইন প্রয়োগের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষকে সহায়তা প্রদান; (ধ) ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলের কারণে সৃষ্ট পরিবেশ দূষণরোধে সহায়তা ও পরামর্শ প্রদান; (ন) দ্রুতগামী গণপরিবহন (Mass Rapid Transit) ব্যবস্থা সংক্রান্ত নীতি ও প্রকল্প প্রণয়ন, ক্ষেত্রবিশেষে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাসমুহকে পরামর্শ প্রদান ও তদারকী; (প) বিভিন্ন পরিবহন রুটের পরিকল্পনা প্রণয়ন এবং রুট ও লেন নির্ধারণের বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন; (ফ) নৌ-পরিবহন রুটের সহিত স্থল পরিবহনের সংযোগ স্থাপনের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উহা বাস্তবায়নের পরামর্শ প্রদান; (ব) দ্রুত ও উন্নত সেবা প্রদানের লক্ষে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার আওতায় বাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেল এবং রুট ভাড়া অথবা লীজ প্রদানের মাধ্যমে (রুট ফ্র্যাঞ্চাইজ) বাস বা রেল (মেট্রো/ মনো/ সার্কুলার/ কমিউটার) বা এক্সপ্রেসওয়ে (উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন লেন) পরিচালনার জন্য সরকারী, বেসরকারী অথবা সরকারি-বেসরকারী যৌথ মালিকানায় পরিবহন পরিচালনার কার্যক্রম, ভাড়া নির্ধারণ এবং এতদ্সংক্রান্ত অন্যান্য কাজের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও অনুমোদন; (ভ) গণপরিবহন সংক্রান্ত প্রচারণা ও তথ্য বিনিময়; (ম) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকারের পূর্বানুমোদনক্রমে, চুক্তি সম্পাদন; (য) উপরি-উক্ত কোন বিষয়ের সহিত প্রাসঙ্গিক অন্য কোন কাজ; (র) সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।