প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২
ধারা ১২ট্রাস্টের তহবিল
ধারা ১২
12. ট্রাস্টের তহবিল (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহা নিম্নরূপ দুইটি অংশে বিভক্ত থাকিবে, যথা:- (ক) স্থায়ী তহবিল; এবং (খ) চলতি তহবিল। (২) এই আইনের অধীন ট্রাস্ট গঠিত হইবার পর সরকার, যতশীঘ্র সম্ভব, ট্রাস্টের উদ্দেশ্য বাস্তবায়নকল্পে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অনুদান হিসাবে প্রদান করিবে। (৩) উপ-ধারা (১) (ক) এর অধীন গঠিত স্থায়ী তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত এককালীন; এবং (খ) উক্তরূপে জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত লভ্যাংশ। (৪) স্থায়ী তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং ট্রাস্টের কোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে উক্ত তহবিলের অর্থ ব্যয় করা যাইবে না : তবে শর্ত থাকে যে, বোর্ডের পূর্বানুমোদনক্রমে দরিদ্র, মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে উক্ত তহবিলের অর্থ ব্যয় করা যাইবে। (৫) উপ-ধারা (১) (খ) এর অধীন গঠিত চলতি তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অর্থ; (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দান ও অনুদান; (গ) বিভিন্ন অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের (ব্যাংক, বীমা ইত্যাদি) আর্থিক সহায়তা; (ঘ) লটারি (সরকারি অনুমোদন সাপেক্ষে); (ঙ) সমাজের বিত্তবান, শিল্পপতি ও ব্যবসায়ীদের নিকট হইতে প্রাপ্ত অনুদান; (চ) প্রবাসীদের আর্থিক সহায়তা; (ছ) সরকার অনুমোদিত বিদেশী উন্নয়ন সহযোগী সংস্থার অনুদান (গ্রান্টস); (জ) সরকার অনুমোদিত দেশী এবং বিদেশী উৎস হইতে প্রাপ্ত অর্থ; এবং (ঝ) সরকার অনুমোদিত অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৬) উপ-ধারা (৫) এ উল্লিখিত চলতি তহবিলের অর্থ যে কোন তফসিলি ব্যাংকে একটি হিসাবে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে ট্রাস্টের যে কোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে যাবতীয় ব্যয় নির্বাহ করা যাইবে। (৭) উপ-ধারা (১) এ উল্লিখিত তহবিলের ব্যাংক-হিসাব ট্রাস্টি বোর্ড কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে। (৮) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত যে কোন খাতে বিনিয়োগ করা যাইবে।
সূচিপত্র দেখুন: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২