বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২
ধারা ৬৯প্রবিধান প্রণয়নের ক্ষমতা
অধ্যায় -১০ বিবিধ
ধারা ৬৯
69. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে কর্তৃপক্ষ সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, উক্ত প্রবিধানে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথাঃ- (১) অনুমোদনপ্রাপ্ত ব্যক্তির যোগ্যতা, দায়িত্ব, কার্যাবলী, ইত্যাদি সংক্রান্ত; (২) তেজস্ক্রিয় পদার্থসহ অন্য কোন পরিমাপযোগ্য পদার্থের জন্য অনুমোদিত মাত্রা নির্ধারণ; (৩) অপারেটর বা বিদেশী অপারেটরের নিয়োগ, যোগ্যতা, দায়িত্ব, কার্যাবলী, ইত্যাদি সংক্রান্ত; (৪) কোন পদার্থের গাঢ়ত্ব এবং পরিমাণ নির্ধারণ; (৫) কোন পদার্থের বিকিরণ সম্পাত সংক্রান্ত; (৬) নিউক্লীয় ঘটনা (nuclear incident) নির্ধারণ; (৭) নিউক্লীয় দুর্ঘটনা (nuclear accident) নির্ধারণ; (৮) চেয়্যারম্যান ও সদস্যগণের ক্ষমতা এবং কার্যাবলী নির্ধারণ; (৯) কর্তৃপক্ষের দায়িত্ব এবং কার্যাবলী নির্ধারণ; (১০) কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, চাকুরির শর্তাবলী, ইত্যাদি; (১১) কর্তৃপক্ষের তহবিল পরিচালনা; (১২) নিউক্লীয় বা বিকিরণ স্থাপনার স্থান নির্ধারণ, নকশা প্রণয়ন, নির্মাণ, স্থাপন, কমিশনিং, পরিচালনা ও ডিকমিশনিং, তেজস্ক্রিয় বর্জ্যের ডিসপোজাল স্থাপনা বন্ধ এবং উক্ত স্থানকে নিয়ন্ত্রিত ব্যবহার হইতে অব্যাহতি প্রদান সংক্রান্ত; (১৩) অবহিতকরণপত্র সংক্রান্ত; (১৪) ধারা ১৮ এ উল্লিখিত কার্যাবলীর অনুমোদন প্রদান প্রক্রিয়া; (১৫) নিউক্লীয় এবং তেজস্ক্রিয় পদার্থ আমদানি ও রপ্তানি সংক্রান্ত; (১৬) এই আইনের অধীন প্রদত্ত অনুমোদন স্থগিত এবং বাতিলকরণ; (১৭) তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা এবং সিকিউরিটি সংক্রান্ত শর্তাবলী নির্ধারণ; (১৮) নিউক্লীয় পদার্থের নিরাপত্তা ও সিকিউরিটি সংক্রান্ত শর্তাবলী নির্ধারণ; (১৯) নিউক্লীয় স্থাপনার সাইটিং, নক্শা, নির্মাণ, কমিশনিং, পরিচালনা, ডিকমিশনিং এবং রিপজিটরী বন্ধকরণে নিউক্লীয় নিরাপত্তা সংক্রান্ত অপরিহার্য বিষয়াবলী এবং শ্রেণীবদ্ধ যন্ত্রপাতিকে নিরাপত্তা শ্রেণীতে বিভক্তিকরণের শর্তাবলী নির্ধারণ; (২০) নিউক্লীয় স্থাপনা, বিকিরণ স্থাপনা, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় বর্জ্য ও অন্যান্য স্থাপনার বিকিরণ সুরক্ষা সংক্রান্ত শর্তাবলী নির্ধারণ; (২১) অনুমোদনপ্রাপ্ত ব্যক্তির মানসম্মত পরিচালনা সংক্রান্ত দলিল, নিউক্লীয় স্থাপনা ও বিকিরণ স্থাপনার মান সংক্রান্ত চাহিদাবলী, শ্রেণীবদ্ধ যন্ত্রপাতির মান সংক্রান্ত চাহিদাবলী এবং উহাদের অনুমোদন সংক্রান্ত; (২২) নিউক্লীয় স্থাপনার শ্রেণীবিন্যাস বা নিউক্লীয় পদার্থের শ্রেণীবদ্ধকরণ এবং উহাদের ভৌত সুরক্ষা বিধানের জন্য প্রয়োজনীয় চাহিদাবলী নির্ধারণ; (২৩) নিউক্লীয় পদার্থের পরিমাপ পদ্ধতি, পরিমাপের সঠিকতা মূল্যায়ন পদ্ধতি, পরিমাপ পার্থক্য পুনঃনিরীক্ষণের কার্যপ্রণালী, ফিজিক্যাল ইনভেনটরি (physical inventory) ও ক্ষয়ের পরিমান নির্ধারণের কার্যপ্রণালী, অপরিমাপকৃত ইনভেনটরির মূল্যায়ন পদ্ধতি, নিউক্লীয় পদার্থের ইনভেনটরির এবং নিঃসরণ চিহ্নিতকরণের জন্য রেকর্ড ও রিপোর্ট-পদ্ধতি, জবাবদিহিতার কার্যপ্রণালী এবং ব্যবস্থা সঠিকভাবে প্রতিপালিত হইয়াছে কিনা তৎমর্মে নিশ্চয়তা প্রদানের পদ্ধতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে রিপোর্ট করিবার পদ্ধতি; (২৪) ব্যবহৃত জ্বালানি বা তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, উৎপাদন, আমদানি, বিভিন্ন শ্রেণীতে শ্রেণীভূক্তকরণ; (২৫) তেজস্ক্রিয় পদার্থ পরিবহন; (২৬) জরুরী পরিকল্পনার বিষয়বস্ত্তর বিবরণ, উহা উপস্থাপন ও অনুমোদন, পদক্ষেপ গ্রহণ, কার্যপ্রণালী প্রণয়ন ও কার্যক্রমের বিবরণ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ঘটনার তীব্রতার মাত্রা নির্ধারণ, কর্তৃপক্ষ ও জনগণকে অবহিতকরণের বিবরণ, জরুরী পরিকল্পনা অঞ্চলের সীমানা নির্ধারণ, সময়সীমা, পরিবীক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ, অনুশীলন ও জরুরী পরিকল্পনার হালনাগাদকরণ সংক্রান্ত বিবরণ, নিউক্লীয় বা রেডিওলজিক্যাল স্থাপনায় এবং তেজস্ক্রিয় পদার্থ স্থানান্তরের সময় ঘটনা বা দুর্ঘটনার প্রদানযোগ্য উপাত্ত ও সময়-পরিক্রমার বিবরণ, ইত্যাদি সংক্রান্ত; (২৭) একক নিউক্লীয় ঘটনার জন্য অপারেটর বা বিদেশী অপারেটরের দায় নির্ধারণ; (২৮) নিউক্লীয় ক্ষতির ক্ষতিপূরণের প্রকৃতি, ধরন, পরিমাণ এবং ন্যায়সঙ্গত বণ্টন; (২৯) পরির্দশন ও বলবৎকরণ সংক্রান্ত; (৩০) কর্তৃপক্ষের হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা; (৩১) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নির্ধারণযোগ্য অন্যান্য বিষয়।