ধারা ১৬কর্তৃত্বময় (Dominant) অবস্থানের অপব্যবহার
তৃতীয় অধ্যায় প্রতিযোগিতা বিরোধী চুক্তি, কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার, ইত্যাদি
ধারা ১৬
16. কর্তৃত্বময় (Dominant) অবস্থানের অপব্যবহার (১) কর্তৃত্বময় হিসাবে গণ্য কোন ব্যবসা প্রতিষ্ঠান ইহার কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার করিতে পারিবে না। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার বলিয়া গণ্য হইবে, যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান- (ক) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য ক্রয়-বিক্রয়ে বা সেবা প্রদানে অন্যায্য বা বৈষম্যমূলক শর্তারোপ করে বা পণ্য ও সেবার ক্রয়-বিক্রয়ে বৈষম্যমূলক মূল্য বা কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্য (Predatory price) নির্ধারণ করে; (খ) পণ্যের উৎপাদন বা সেবার সংস্থান বা উহাদের বাজারকে বা পণ্য বা সেবা সংক্রান্ত ভোক্তার পূর্ব ধারণাগত কারিগরি বা বৈজ্ঞানিক উন্নয়নকে সীমিত বা বাঁধাগ্রস্ত করে; (গ) এমন কোন অনুশীলন অবলম্বন করে ও অব্যাহত রাখে, যাহা বাজারে অন্যদের প্রবেশাধিকারের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করে; (ঘ) কোন চুক্তির সম্পাদন অন্য পক্ষের এমন সম্পূরক দায়-দায়িত্ব গ্রহণ সাপেক্ষে করে, যাহা উহাদের প্রকৃতি বা বাণিজ্যিক অনুশীলন অনুযায়ী উক্তরূপ চুক্তির বিষয়বস্তুর সহিত জড়িত নহে; বা (ঙ) সংশ্লিষ্ট একটি বাজারে উহার কর্তৃত্বময় অবস্থানকে সংশ্লিষ্ট অন্য বাজারে প্রবেশের জন্য অথবা সংশ্লিষ্ট অন্য বাজারকে নিরাপদ রাখিবার জন্য ব্যবহার করে । ব্যাখ্যা-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,- (অ) ‘কর্তৃত্বময় অবস্থান (Dominant position) অর্থ সংশ্লিষ্ট কোন বাজারে কোন ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক ভোগকৃত এমন সুদৃঢ় অবস্থান, যাহা উহাকে- (১) সংশ্লিষ্ট বাজারে বিরাজমান প্রতিযোগী শক্তিসমূহের প্রভাব ব্যতিরেকে স্বাধীনভাবে পরিচালনা করিতে; অথবা (২) ইহার প্রতিদ্বন্দ্বী, ভোক্তা বা সংশ্লিষ্ট বাজারকে ইহার অনুকূলে প্রভাব বিস্তার করিতে সক্ষমতা প্রদান করে; (আ) ‘কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্য (Predatory price) ’ অর্থ প্রতিযোগিতাকে হ্রাস বা নির্মূল করিবার উদ্দেশ্যে কোন পণ্যের উৎপাদন বা সেবার সংস্থানের খরচ অপেক্ষা কম মূল্যে কোন পণ্য বিক্রয় বা কোন সেবার সংস্থার করা।