Skip to content

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩

ধারা ১৪ট্রেজারার

বলবৎ

ধারা ১৪

14. ট্রেজারার (১) চ্যান্সেলর, তদকর্তৃক নির্ধারিত শর্তে এবং ৪ (চার) বৎসর মেয়াদের জন্য একজন ট্রেজারার নিযুক্ত করিবেন। (২) ট্রেজারার পদে নিয়োগের জন্য স্নাতকোত্তর ডিগ্রীসহ অন্যূন ২০ (বিশ) বৎসরের অধ্যাপনা বা প্রশাসনিক বা আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, চ্যান্সেলরের সন্তোষ অনুযায়ী ট্রেজারার স্বপদে বহাল থাকিবেন। (৪) ট্রেজারার সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। (৫) ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের তহবিল সার্বিকভাবে তত্ত্বাবধান করিবেন এবং ইহার অর্থ সংক্রান্ত নীতি সম্পর্কে ভাইস-চ্যান্সেলর এবং সিন্ডিকেটকে পরামর্শ দান করিবেন। (৬) ট্রেজারার, সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও বিনিয়োগ তদারকি করিবেন এবং তিনি বাৎসরিক বাজেট এবং হিসাব বিবরণী সিন্ডিকেটে উপস্থাপন করিবেন। (৭) যে খাতে অর্থ মঞ্জুর বা বরাদ্দ করা হইয়াছে সেই খাতেই যেন উহা ব্যয় হয় তাহা দেখার জন্য ট্রেজারার দায়ী থাকিবেন। (৮) ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ সংক্রান্ত সকল চুক্তি স্বাক্ষর করিবেন। (৯) ট্রেজারার, পদাধিকারবলে অর্থ কমিটির সভাপতি হইবেন এবং তিনি অর্থ কমিটির সভা আহ্‌বান করিবেন। (১০) ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে ট্রেজারার এর পদ সাময়িকভাবে শূন্য হইলে সিন্ডিকেট অববিলম্বে চ্যান্সেলরকে তৎসম্পর্কে অবহিত করিবে এবং চ্যান্সেলর ট্রেজারারের দায়িত্ব সম্পাদনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩