ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩
ধারা ১৬পরীক্ষা নিয়ন্ত্রক
ধারা ১৬
16. পরীক্ষা নিয়ন্ত্রক (১) পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা পরিচালনা সম্পর্কিত সকল বিষয়ের দায়িত্বে থাকিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত নিম্নবর্ণিত দায়িত্বসমূহ পালন করিবেন, যথাঃ- (ক) বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সকল পরীক্ষা পরিচালনা করিবেন; (খ) পরীক্ষার সময়সূচী নির্ধারণ এবং উহা অধ্যক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অবহিত করিবার ব্যবস্থা গ্রহণ করিবেন; (গ) পরীক্ষার্থীদের পরীক্ষার আবেদনপত্র গ্রহণ ও প্রবেশপত্র ইস্যুপূর্বক উহা মাদ্রাসাসমূহে প্রেরণ করিবেন; (ঘ) ভাইস-চ্যান্সেলরের সহিত আলোচনা সাপেক্ষে, পরীক্ষা কমিটি গঠন ও পরীক্ষকগণের তালিকা প্রণয়ন করিবেন এবং পরীক্ষা কমিটি হইতে প্রাপ্ত পরিমার্জিত প্রশ্নপত্র গোপনীয়তা রক্ষাপূর্বক মুদ্রণ ও মুদ্রিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের নিকট প্রেরণ করিবেন; (ঙ) পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করিবেন; (চ) পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ এবং উহা পরীক্ষকগণের নিকট প্রেরণের ব্যবস্থা করিবেন; (ছ) মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ নির্ধারণ এবং নির্দিষ্ট তারিখে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করিবেন; (জ) কম্পিউটার ইউনিট, রেজিস্ট্রেশন বিভাগ এবং মাদ্রাসাসমূহের সহিত পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় সাধন করিবেন; (ঝ) ফলাফল প্রকাশের পূর্বে উহা একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের নিকট উপস্থাপন করিবেন; (ঞ) নির্ধারিত সময়সূচী মোতাবেক পরীক্ষার ফলাফল প্রকাশ করিবেন এবং ফলাফলে যদি কোন ভুল পরিলক্ষিত হয় উহা সংশোধনের ব্যবস্থা নিশ্চিত করিবেন; (ট) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সনদপত্র এবং প্রশংসাপত্র বিতরণ করিবেন; (ঠ) পরীক্ষা বিষয়ক সকল প্রকার সভার প্রয়োজনীয় কার্যপত্র প্রস্ত্তুত করিবেন; (ড) পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তার সমন্বয়ে পরিদর্শন টীম গঠন করিবেন; (ঢ) পরীক্ষা সংক্রান্ত সকল অভিযোগের তদন্ত করিবেন এবং এই সংক্রান্ত শৃঙ্খলা কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করিবেন; (ণ) বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাসমূহের সহিত সমন্বয় সাধন করিবেন; (ত) পরীক্ষা সংক্রান্ত সকল সামগ্রী সংরক্ষণ এবং পরীক্ষা কেন্দ্রে বিতরণের নিশ্চয়তা বিধান করিবেন; (থ) উত্তরপত্র পুন:নিরীক্ষণ সংক্রান্ত সকল দায়িত্ব পালন করিবেন; এবং (দ) ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ডীনের সকল প্রকার আইনানুগ আদেশ এবং নির্দেশাবলী পালন করিবেন।