ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩
ধারা ২০সিন্ডিকেট
ধারা ২০
20. সিন্ডিকেট (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ— (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ২(দুই) জন সংসদ সদস্য; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) ট্রেজারার; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত ২ (দুই) জন ডীন; (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ৩ (তিন) জন অধ্যক্ষ, যাহার মধ্যে ২ (দুই) জন কামিল এবং ১ (এক) জন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ; (ছ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (জ) অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঝ) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা; (ঞ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, যাহারা বিশ্ববিদ্যালয়ের বেতনভোগী সদস্য নহেন; (ট) খতীব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ; (ঠ) অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, গাজীপুর; (ড) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশিষ্ট পেশাজীবী নাগরিক; (ঢ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা; (ণ) মাদরাসা শিক্ষকদের মধ্য হইতে ১(এক) জন প্রতিনিধি; (ত) রেজিস্ট্রার, যিনি সিন্ডিকেটের সাচিবিক দায়িত্বও পালন করিবেন। (২) সিন্ডিকেটের মনোনীত প্রত্যেক সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন সদস্যের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৩) কোন সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।