ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩
ধারা ২৩একাডেমিক কাউন্সিল
ধারা ২৩
23. একাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সকল ডীন; (ঘ) অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ৭ (সাত) জন অধ্যাপক; (ঙ) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত, মাদ্রাসাসমূহের মধ্য হইতে ১ (এক) জন করিয়া মাদ্রাসা মুহাদ্দিস, মোফাসসির, ফকিহ, আদীব; (ছ) সিন্ডিকেট কর্তৃক প্রতি প্রশাসনিক বিভাগ হইতে ফাজিল (স্নাতক) অথবা কামিল (স্নাতকোত্তর) পর্যায়ে পাঠদানকারী ১ (এক) জন করিয়া মনোনীত অধ্যক্ষ; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় হইতে আরবি বা ইসলামি স্টাডিজের ৫ (পাঁচ) জন অভিজ্ঞ অধ্যাপক; (ঝ) মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন; (ঞ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ট) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ঠ) মাদ্রাসা পরিদর্শক; (ড) রেজিস্ট্রার, যিনি একাডেমিক কাউন্সিলের সাচিবিক দায়িত্বও পালন করিবেন। (২) একাডেমিক কাউন্সিলের মনোনীত কোন সদস্য, তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৩) কোন সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।