ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩
ধারা ৪৩চাকুরীর শর্তাবলী
ধারা ৪৩
43. চাকুরীর শর্তাবলী (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সততা ও কর্তব্য পরায়ণতার সহিত দায়িত্ব পালন করিবেন। (২) নিয়োগের শর্তাবলীতে স্পষ্টভাবে ভিন্নরূপ উল্লেখ না থাকিলে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরূপে গণ্য হইবেন। (৩) বিশ্ববিদ্যালয় স্বার্থের পরিপন্থী কোন কার্যকলাপের সহিত বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজেকে জড়িত করিতে পারিবেন না। (৪) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের চাকুরীর শর্ত তাহাদের নাগরিক ও অন্যান্য অধিকার অক্ষুণ্ণ রাখিয়া এবং বিশ্ববিদ্যালয় লক্ষ্য ও উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ করিয়া সংবিধি দ্বারা প্রণীত হইবে। (৫) কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীকে তাহার চাকুরীর শর্তাবলী ভঙ্গ, কর্তব্য অবহেলা, অসদাচরণ, নৈতিক স্খলন বা অদক্ষতার কারণে, সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, চাকুরী হইতে অপসারণ বা পদচ্যুত করা অথবা অন্য কোন প্রকার শাস্তি প্রদান করা যাইবেঃ তবে শর্ত থাকে যে, তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে কোন তদন্ত কমিটি কর্তৃক তদন্ত অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং তাহাকে ব্যক্তিগতভাবে বা কোন প্রতিনিধির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া তাহাকে অপসারণ বা পদচ্যুত করা যাইবে না। (৬) কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের সহিত সংযুক্ত থাকিতে পারিবেন না এবং রাজনৈতিক দলের সহিত সংযুক্ত অথবা কোন স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচনে প্রার্থী হইতে চাহিলে মনোনয়নপত্র দাখিলের পূর্বে উক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে স্বীয় পদ হইতে ইস্তফা দিতে হইবে।