[বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩
ধারা ৩৫অর্থ কমিটি
ধারা ৩৫
35. অর্থ কমিটি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:— (ক) ভাইস-চ্যান্সেলর , যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) রেজিস্ট্রার; (ঘ) ট্রেজারার; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন ডিন; (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অঙ্গীভূত বা অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের ১ (এক) জন প্রধান; (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন শিক্ষক; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন; (ঝ) সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিকল্পনাবিদ বা অর্থ বিশারদ; (ঞ) মঞ্জুরী কমিশনের ১ (এক) জন প্রতিনিধি, পরিচালক পদমর্যাদার নিম্নে নহে; (ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ঠ) পরিচালক (অর্থ), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) পরিচালক (অর্থ) সভাপতির অনুমোদনক্রমে, অর্থ কমিটির সভা আহবান করিবেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। (৩) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৪) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে তিনি অর্থ কমিটির সদস্য পদেও অধিষ্ঠিত থাকিবেন না ।