[বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩
ধারা ৩৭পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি
ধারা ৩৭
37. পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:— (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে, মনোনীত ১ (এক) জন ডিন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের ২ (দু্ই) জন সদস্য, যাহাদের মধ্যে ১ (এক) জন বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (চ) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রকৌশলী যিনি পদমর্যাদায় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিম্নে নহেন; (ছ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রকৌশলী বা স্থপতি; যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ঝ) পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটির কোন মনোনীত সদস্য ২ (দুই) বৎসরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটির কোন মনোনীত সদস্য মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে তিনি পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটির সদস্য পদেও অধিষ্ঠিত থাকিবেন না । (৪) পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিকল্পনা সংস্থা হইবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্য রাখিয়া ইহার জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করিবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মসূচীর মূল্যায়ন করিবে। (৫) এই কমিটি সংবিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর অথবা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলীও সম্পাদন করিবে।