Skip to content

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩

ধারা ১৭ট্রাস্টের কার্যাবলী

বলবৎতৃতীয় অধ্যায় ট্রাস্ট স্থাপন, উদ্দেশ্য, ইত্যাদি

তৃতীয় অধ্যায় ট্রাস্ট স্থাপন, উদ্দেশ্য, ইত্যাদি

ধারা ১৭

17. ট্রাস্টের কার্যাবলী এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ট্রাস্টের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তি শনাক্তকরণ ও উক্তরূপ প্রতিবন্ধিতার মাত্রা নিরূপণের উদ্যোগ গ্রহণ; (খ) নিজ পরিবারের সহিত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির বসবাস নিশ্চিত করিবার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান; (গ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তি বা তাহার পরিবারের সংকটকালে প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য নিবন্ধিত সংগঠনকে সহায়তা প্রদান; (ঘ) পারিবারিক সুবিধাবঞ্চিত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির সমস্যা সমাধানের সহায়তা প্রদান এবং, ক্ষেত্রমত, তাহার জীবনব্যাপী যত্নপরিচর্যা ও অধিকার সুরক্ষা নিশ্চিত করিবার লক্ষ্যে তাহার পরিবার বা অভিভাবককে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদান; (ঙ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির মাতা-পিতা বা অভিভাবকের মৃত্যুতে তাহার জীবনব্যাপী যত্নপরিচর্যা ও অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ; (চ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে তাহার পরিবারকে, প্রযোজ্য ক্ষেত্রে, প্রয়োজনীয় সহায়তা প্রদান; (ছ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা এবং সমাজে অন্যদের সহিত সমতার ভিত্তিতে তাহার পূর্ণ ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করিবার নিমিত্ত সহায়তা প্রদান; (জ) সার্বিকভাবে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তি ও তাহার পরিবারের কল্যাণ সাধন; (ঝ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কল্যাণমূলক কার্যক্রমে সরকারি ও বেসরকারি সংস্থা এবং সমাজের বিত্তশালীদের সম্পৃক্তকরণ; (ঞ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য তাহাদের উপযোগী শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন, বা স্থাপনে ব্যক্তি ও সংস্থাকে উৎসাহ প্রদান এবং এতদ্‌সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক নির্বাচনের মানদণ্ড নির্ধারণ ও পাঠক্রম প্রণয়ন; (ট) প্রতিবন্ধিতার ধরন ও মাত্রার আলোকে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত শিক্ষা কিংবা বিশেষ শিক্ষার ব্যবস্থা গ্রহণ এবং এতদুদ্দেশ্যে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বা স্থাপনে ব্যক্তি বা সংস্থাকে উৎসাহ প্রদান; (ঠ) গুরুতর যে সকল নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিকে মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করা সম্ভব হইবে না, তাহাদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বা স্থাপনে ব্যক্তি বা সংস্থাকে উৎসাহ প্রদান; (ড) প্রতিবন্ধিতা বিষয়ক গবেষণা প্রতিবেদন, বুলেটিন, জার্নাল, সাময়িকী ও বই-পুস্তক প্রকাশ; (ঢ) দীর্ঘমেয়াদী অসুস্থ নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চিকিৎসা সেবা ও সহায়ক উপকরণের ব্যবস্থা গ্রহণ; (ণ) দেশের হাসপাতালসমূহে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ চিকিৎসার নিমিত্ত একটি পৃথক ইউনিট বা ওয়ার্ড নির্দিষ্টকরণের জন্য উদ্যোগ গ্রহণ; (ত) দুঃস্থ নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা নিশ্চিতকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণ; (থ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের শিল্পীসত্তা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের ব্যবস্থা এবং উক্তরূপ প্রতিভার তথ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের উদ্দেশ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ; (দ) ক্রীড়া ও শরীরচর্চা বিষয়ক কর্মকাণ্ডে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করিবার উদ্দেশ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ; (ধ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিতপূর্বক তাহাদের উপযোগী কর্মক্ষেত্র চিহ্নিতকরণ ও কর্মে সম্পৃক্তকরণ; (ন) উত্তরাধিকারপ্রাপ্তি এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তিসহ সকল প্রকার সম্পত্তি নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তি কর্তৃক ভোগ-দখল নিশ্চিত করিবার নিমিত্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ; (প) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আবাসিক হোস্টেল বা আশ্রয়কেন্দ্র স্থাপন; (ফ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির মাতা-পিতা বা অভিভাবকের মৃত্যুতে অভিভাবক ও ট্রাস্টি মনোনয়নের জন্য নীতিমালা প্রণয়ন; (ব) তহবিল হইতে দুঃস্থ নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের অনুকূলে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন; (ভ) সরকার ও উপদেষ্টা পরিষদ কর্তৃক, সময় সময়, প্রদত্ত দিক্-নির্দেশনা অনুযায়ী প্রাসঙ্গিক অন্য যে কোনো কার্য সম্পাদন।

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩