ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪
ধারা ১৮অধীনস্থ কোম্পানি
ধারা ১৮
18. অধীনস্থ কোম্পানি (১) কর্পোরেশন সকল বা অধিকাংশ শেয়ার ধারণপূর্বক অধীনস্থ কোম্পানি প্রতিষ্ঠা এবং উহার উন্নয়ন করিতে পারিবে; উক্তরূপ অধীনস্থ কোম্পানিসমূহের পৃথক ও নিজস্ব পরিচালনা বোর্ড থাকিবে এবং কর্পোরেশন উহাদের ব্যবসায়িক উদ্দেশ্য পর্যালোচনা, কার্যাবলী তদারকী ও নিয়ন্ত্রণ করিতে পারিবে। (২) ধারা ১৭ বা অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন), কোম্পানি আইন, ১৯৯৪ এবং ডিপোজিটরি আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ৬নং আইন) এবং উল্লিখিত আইনসমূহের অধীন জারীকৃত বিধি বিধান পালন সাপেক্ষে এতদুদ্দেশ্যে স্থাপিত তিনটি পৃথক অধীনস্থ কোম্পানির যে কোন একটির দ্বারা নিম্নবর্ণিত প্রতিটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হইবে, যথা :- (ক) ইস্যু, অবলেখন এবং সিকিউরিটিজের পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ মার্চেন্ট ব্যাংকিং ব্যবসা; (খ) মিউচ্যুয়াল ফান্ড কার্যক্রম পরিচালনা; এবং (গ) স্টক ও কমোডিটি ব্রোকারেজ: তবে শর্ত থাকে যে, (অ) উপরি-উল্লিখিত এ ধরনের কোন অধীনস্থ কোম্পানি যে পর্যন্ত না কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীন নিবন্ধিত হয় এবং এতদুদ্দেশ্যে প্রাসঙ্গিক লাইসেন্সপ্রাপ্ত হয় এবং অধীনস্থ কোম্পানি কার্যকর হইয়াছে এই মর্মে সরকার কর্তৃক সরকারি গেজেটে কোন প্রজ্ঞাপন জারী করা হয়, সে পর্যন্ত উহার ব্যবসা আরম্ভ করিতে পারিবে না; এবং (আ) দফা (অ) এর অধীন এইরূপ প্রজ্ঞাপন জারী হইবার পর উপরি-উল্লিখিত যে কোন ব্যবসা যাহা নূতন হিসাবে উৎপত্তি হইয়াছে বলিয়া বিবেচিত তাহা কর্পোরেশন গ্রহণ করিতে পারিবে না।
সূচিপত্র দেখুন: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪