বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬
ধারা ৮০আপত্তি
নবম অধ্যায় আদালত কর্তৃক অনুসরণীয় পদ্ধতি
ধারা ৮০
80. আপত্তি ।- (১) স্পেশাল কোস্ট গার্ড আদালত ও স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালতের বিচারের ক্ষেত্রে, আদালত গঠিত হইবার পর যথাশীঘ্র সম্ভব, আদালতের সভাপতি এবং অন্যান্য সদস্যের নাম অভিযুক্ত ব্যক্তিকে পড়িয়া শুনাইতে হইবে এবং অভিযুক্ত ব্যক্তিকে এই মর্মে জিজ্ঞাসা করিতে হইবে যে, আদালতে আসন গ্রহণকারী কোন কর্মকর্তা দ্বারা বিচারে তাহার কোন আপত্তি রহিয়াছে কি না। (২) অভিযুক্ত ব্যক্তি উক্তরূপ কোন কর্মকর্তার ব্যাপারে আপত্তি করিলে তাহার আপত্তি এবং যে কর্মকর্তার বিরুদ্ধে আপত্তি করা হইয়াছে তাহার প্রত্যুত্তর শোনা হইবে এবং অবশিষ্ট কর্মকর্তাগণ আপত্তিকৃত কর্মকর্তার অনুপস্থিতিতে উক্ত আপত্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করিবেন। (৩) ভোটাধিকারী কর্মকর্তাগণের অর্ধেক বা তদতিরিক্ত ভোটে আপত্তিটি গৃহীত হইলে, আপত্তিকৃত কর্মকর্তাকে উক্ত আদালতের সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে হইবে, এবং অন্য কোন কর্মকর্তা কর্তৃক অভিযুক্ত ব্যক্তির আপত্তির অধিকার সাপেক্ষে, বিধি অনুসারে তাহার শূন্য আসন পূরণ করা যাইবে। (৪) যদি কোন আপত্তি উত্থাপিত না হয় অথবা উত্থাপন করা হইলেও উহা বৈধ না হয় অথবা আপত্তিকৃত কোন কর্মকর্তার স্থান এমন কোন কর্মকর্তা কর্তৃক পূরণ করা হয়, যাহার বিরুদ্ধে কোন আপত্তি উত্থাপিত হয় নাই বা আপত্তি উত্থাপিত হইলেও উহা বৈধ হয় নাই, তাহা হইলে উক্ত সদস্যগণ আদালতের বিচার কার্যক্রম অব্যাহত রাখিবেন।