রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬
ধারা ২১সিন্ডিকেট
ধারা ২১
21. সিন্ডিকেট (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর (যদি একাধিক থাকে তাহা হইলে সকল প্রো-ভাইস চ্যান্সেলরগণ); (গ) ট্রেজারার; (ঘ) মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১(এক) জন প্রতিনিধি; (ঙ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ছ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন উপাচার্য এবং ১ (এক) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (ঝ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডিন; (ঞ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত ১ (এক) জন বিভাগীয় চেয়ারম্যান বা পরিচালক; (ট) একাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের মধ্য হইতে মনোনীত ২ (দুই) জন প্রতিনিধি; এবং (ঠ) রেজিস্ট্রার, যিনি উহার সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন মনোনীত সদস্যগণ প্রত্যেকে তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৩) সিন্ডিকেটের কোন সদস্য পদত্যাগ করিতে চাহিলে যে কোন সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে সদস্য পদ ত্যাগ করিতে পারিবেন। (৪) সিন্ডিকেটের কোন সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।