Skip to content

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬

ধারা ২৪একাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ২৪

24. একাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) প্রক্টর; (ছ) বিশ্ববিদ্যালয়ের অনধিক ৭ (সাত) জন অধ্যাপক যাহারা ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন; (জ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ঝ) পরিচালক (গবেষণা ও প্রকাশনা); (ঞ) বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকগণ হইতে ১ (এক) জন সহযোগী অধ্যাপক যিনি ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন; (ট) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত ১ (এক) জন সহকারী অধ্যাপক ও ১ (এক) জন প্রভাষক; (ঠ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন অধ্যাপক; (ড) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন অধ্যাপক; (ঢ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত গবেষণা সংস্থা ও উচ্চতর শিক্ষা কেন্দ্রে কর্মরত ২(দুই) জন বিশিষ্ট ব্যক্তি; (ণ) পরীক্ষা নিয়ন্ত্রক; এবং (ত) রেজিস্ট্রার, যিনি উহার সচিবও হইবেন। (২) একাডেমিক কাউন্সিলে মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পদত্যাগ পত্র পেশ করিতে পারিবেন। (৩) একাডেমিক কাউন্সিলের কোন মনোনীত সদস্য মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সদস্য পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে একাডেমিক সদস্য পদেও অধিষ্ঠিত থাকিতে পারিবেন না।

End of ধারা ২৪.

সূচিপত্র দেখুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬