Skip to content

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬

ধারা ৫কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব

বলবৎ

ধারা ৫

5. কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:- (ক) বাংলাদেশের নার্সিং, মিডওয়াইফারি ও সহযোগী পেশার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ এবং উক্ত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক প্রদত্ত নার্সিং, মিডওয়াইফারি ও সহযোগী পেশার শিক্ষা ও প্রশিক্ষণ যোগ্যতার স্বীকৃতি প্রদান; (খ) বাংলাদেশের বাহিরে অবস্থিত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (গ) অন্য কোন দেশের নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত আলোচনার মাধ্যমে সেই দেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা যোগ্যতার বিষয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্বীকৃতি প্রদানসহ এতদসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ ও পরিচালনা; (ঘ) নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তরসহ সকল পর্যায়ে অভিন্ন ন্যূনতম মানসম্পন্ন পাঠ্যসূচী ও কোর্স প্রণয়ন, বাস্তবায়ন এবং উহার মেয়াদ নির্ধারণ; (ঙ) নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির নীতিমালা ও শর্তাদি নির্ধারণ; (চ) নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তির নীতিমালা ও শর্তাদি নির্ধারণ; (ছ) নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষা এবং সহযোগী পেশার প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠানে নিয়োগের জন্য শিক্ষকগণের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও অভিজ্ঞতার মান নির্ধারণ; (জ) স্বীকৃতির যোগ্য নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সহযোগী পেশার প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নার্সিং শিক্ষা যোগ্যতা ও মিডওয়াইফারি শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার জন্য প্রয়োজনীয় মানসম্পন্ন পরীক্ষা গ্রহণ, পরীক্ষা গ্রহণ পদ্ধতি এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয় নির্ধারণসহ বিভিন্ন মেয়াদের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা এবং সহযোগী পেশার প্রশিক্ষণ কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা; (ঝ) নিবন্ধন সনদ প্রদানের লক্ষ্যে কাউন্সিল কর্তৃক পরীক্ষা গ্রহণ বা, ক্ষেত্রমত, প্রাক-নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ, সনদ প্রদান, পরীক্ষা গ্রহণ পদ্ধতি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নির্ধারণ; (ঞ) স্বীকৃতির যোগ্য নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা এবং সহযোগী পেশার প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বৃত্তিমূলক পরীক্ষার পরীক্ষকগণের যোগ্যতা ও অভিজ্ঞতার মান নির্ধারণ; (ট) স্বীকৃত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সহযোগী পেশার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নিবন্ধন প্রদান; (ঠ) স্বীকৃত নার্স, মিডওয়াইফ ও সহযোগী পেশাজীবীদের নিবন্ধন; (ড) [নার্সিং ও মিডওয়াইফারি] এবং সহযোগী পেশার প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন; (ঢ) নিবন্ধন, পরিদর্শন ও অন্যান্য ফি নির্ধারণ; (ণ) [নার্সিং ও মিডওয়াইফারি] এবং সহযোগী পেশা বিষয়ক ভূয়া পদবী, ডিগ্রি, প্রতারণামূলক প্রতিনিধিত্ব বা নিয়ন্ত্রণ ইত্যাদির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; (ত) কাউন্সিলের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ এবং উহার হিসাব নিরীক্ষা; (থ) তফসিলভুক্ত বা তফসিল বহির্ভূত বাংলাদেশের বাহিরে এবং ভিতরে অবস্থিত যে কোন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমার মান মূল্যায়ন বা পুনঃমূল্যায়নপূর্বক সংশ্লিষ্ট তফসিল সংশোধন; এবং (দ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় ও আনুষাঙ্গিক অন্যান্য কার্যাবলী সম্পাদন।

  1. 18. “নার্সিং ও মিডওয়াইফারি” শব্দগুলি “নার্সিং ও মিডওয়াইফ” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ০৩ নং আইন) এর ৪(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 19. “নার্সিং ও মিডওয়াইফারি” শব্দগুলি “নার্সিং ও মিডওয়াইফ” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ০৩ নং আইন) এর ৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬