Skip to content

বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭

ধারা ৬পরিচালনা পর্ষদ

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা পর্ষদ (১) কর্পোরেশনের একটি পরিচালনা পর্ষদ থাকিবে। (২) কর্পোরেশনের পরিচালনা পর্ষদ অনধিক ১৩ (তেরো) জন সদস্য সমন্বয়ে নিম্নরূপভাবে গঠিত হইবে, যথা : - (ক) মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, পদাধিকারবলে; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত একজন অন্যূন যুগ্মসচিব; (ঘ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন অন্যূন যুগ্মসচিব; (ঙ) কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, পদাধিকারবলে; (চ) কর্পোরেশনের নির্বাহী পরিচালক (অর্থ), পদাধিকারবলে; (ছ) কর্পোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি), পদাধিকারবলে; (জ) কর্পোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্যিক), পদাধিকারবলে; (ঝ) উপ-ধারা (৪) এর অধীন শেয়ারহোল্ডারগণের পক্ষ হইতে নির্বাচিত পরিচালক অথবা পরিচালকবৃন্দ; এবং (ঞ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রণীত বিধান অনুযায়ী সরকার কর্তৃক মনোনীত অন্যূন একজন স্বতন্ত্র (Independent) পরিচালক। (৩) কর্পোরেশনের সচিব পরিচালনা পর্ষদের সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (৪) কর্পোরেশনের শেয়ার জনসাধারণের নিকট বিক্রয় করা হইলে শেয়ারহোল্ডারগণ নিম্নরূপ শর্তে পরিচালক নির্বাচন করিতে পারিবেন : - জনসাধারণের শেয়ার মোট পরিশোধিত মূলধনের পরিমাণ - (ক) ২০% এর ঊর্ধ্বে কিন্তু ৩৪% এর নিম্নে হইলে ১ (এক) জন পরিচালক; এবং (খ) ৩৪% এর ঊর্ধ্বে হইলে ২ (দুই) জন পরিচালক। (৫) উপ-ধারা (৪) এর অধীন নির্বাচিত পরিচালকগণ কর্পোরেশনের শেয়ার প্রবিধান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক জারীকৃত বিধানাবলি অনুসারে নির্বাচিত হইবেন। (৬) শেয়ারহোল্ডারগণের মধ্য হইতে পরিচালক নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডাগণের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর বিধি অনুসারে প্রয়োজনীয় পরিমাণ শেয়ার থাকিতে হইবেঃ তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক মনোনীত বা নিয়োগকৃত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকগণের ক্ষেত্রে উল্লিখিত বিধান প্রযোজ্য হইবে না। (৭) উপ-ধারা (২) এর দফা (ঝ) ও দফা (ঞ) এ উল্লিখিত সদস্যগণ নির্বাচিত বা মনোনীত হইবার তারিখ হইতে ৩ (তিন) বৎসরের জন্য দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭