রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮
ধারা ৩৮তহবিল
ষষ্ঠ অধ্যায় তহবিল, হিসাবরক্ষণ, ইত্যাদি
ধারা ৩৮
38. তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে। (২) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা তহবিল গঠিত হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) স্থানীয় কর্তৃপক্ষ হইতে প্রাপ্ত অনুদান; (ঘ) গৃহীত ঋণ; (ঙ) কর্তৃপক্ষের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ এবং নিজস্ব আয়; (চ) কর্তৃপক্ষ কর্তৃক সংগৃহীত ফি, চার্জ, ইত্যাদি; এবং (ছ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অনুদান। (৩) কর্তৃপক্ষের তহবিল কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহা পরিচালনা করিতে হইবে। (৪) কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য, কমিটির সদস্য, সচিব ও কর্মচারীদের বেতন ও ভাতাদি, সম্মানী এবং কর্তৃপক্ষের কার্যাবলী পরিচালনায় প্রয়োজনীয় অন্যান্য ব্যয় তহবিল হইতে নির্বাহ করা যাইবে : তবে শর্ত থাকে যে, তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রে এতদ্সংশ্লিষ্ট প্রচলিত বিধি-বিধান ও নিয়ম-নীতি অনুসরণ করিতে হইবে। (৫) প্রত্যেক অর্থ বৎসরে উহার সকল ব্যয় নির্বাহের পর কর্তৃপক্ষ চলমান উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখিয়া তহবিলের উদ্বৃত্ত অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা প্রদান করিবে। ব্যাখ্যা।- এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘‘তফসিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2 (j) তে সংজ্ঞায়িত ‘‘Scheduled Bank” ।