জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮
ধারা ৫ইনস্টিটিউটের কার্যাবলি
ধারা ৫
5. ইনস্টিটিউটের কার্যাবলি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথাঃ- (১) যুবদের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা কর্মসূচি গ্রহণ এবং ইনস্টিটিউট কর্তৃক উপযুক্ত বলিয়া বিবেচিত কোন বিষয় বা বিষয়সমূহের উপর শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ; (২) প্রশিক্ষিত মানবসম্পদ হিসাবে যুবদের বিকাশের লক্ষ্যে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রশিক্ষণ প্রদান; (৩) যুব কর্মের অভিঘাত বিশ্লেষণ (impact analysis) ও চিন্তা-কেন্দ্র (think-tank) হিসাবে দায়িত্ব পালন; (৪) একাডেমিক ডিগ্রি, ডিপ্লোমা, সনদ বা উপাধি প্রদান; (৫) যুব বিষয়ক নীতি ও উদ্ভাবনী পরিকল্পনা প্রণয়ন এবং যুব কর্মকে সহায়তা প্রদান করিবার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান; (৬) যুব সংগঠন বা প্রতিষ্ঠান এবং যুবদের পেশাগত দক্ষতা গড়িয়া তুলিবার লক্ষ্যে এবং দেশের বৃহত্তর কল্যাণে যুবদের অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তির স্বার্থে যুবদের মননশীলতা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি, আত্মনিবেদিত সমাজকর্মের প্রতি আগ্রহ ও অনুরূপ গুণাবলি বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় অনুপ্রেরণামূলক কর্মসূচি ও ব্যবস্থা গ্রহণ এবং বাস্তবায়ন; (৭) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুব বিষয়ক সেমিনার, কর্মশালা ও যুব সমাবেশ আয়োজন এবং যুবদের নেতৃত্ব বিকাশের জন্য যুব ফোরাম, যুব, পার্লামেন্ট ইত্যাদি গঠন; (৮) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৩৮ নং আইন) এর অধীন স্থাপিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহায়তায় যুব সংক্রান্ত বিষয়ে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান; (৯) যুব প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ডকুমেন্ট প্রস্তুত ও প্রকাশনা; (১০) যুব উন্নয়ন ও গবেষণা কর্মের জন্য আধুনিক গবেষণাগার, তথ্য-ভাণ্ডার, লাইব্রেরি ও ই-লাইব্রেরি স্থাপন; (১১) যুব প্রতিষ্ঠানসমূহকে পরামর্শ প্রদান; (১২) যুব বিনিময় কর্মসূচি গ্রহণ, যুব বিষয়ক প্রশিক্ষণ ও যুব উন্নয়ন বিষয়ে যৌথভাবে কাজ করিবার লক্ষ্যে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, স্থানীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন প্রতিষ্ঠানসমূহের সহিত চুক্তি সম্পাদন; (১৩) সরকার কর্তৃক, সময় সময় প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে, উহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন; এবং (১৪) প্রয়োজনীয় অন্য যে কোনো কার্য সম্পাদন।