Skip to content

রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮

ধারা ১১৩প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎঅষ্টম অধ্যায় বিবিধ

অষ্টম অধ্যায় বিবিধ

ধারা ১১৩

113. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পুলিশ কমিশনার, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং এই আইন ও বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন, যথা:- (ক) পোতাশ্রয়, রেলস্টেশন, লঞ্চ ও ফেরিঘাট, ইত্যাদিতে যাত্রীদের মালামাল বহনের জন্য কাজ করিতে ইচ্ছুক ব্যক্তিদের লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ কাজে নিযুক্ত ব্যক্তিদের মজুরির হার নির্ধারণ; (খ) রাস্তায় ও সর্বসাধারণের ব্যবহার্য স্থানে যানবাহন দাঁড় করাইয়া রাখিবার শর্তাবলি আরোপ এবং যানবাহন বা গবাদি পশুর বিশ্রামস্থল হিসাবে রাস্তার ব্যবহার নিয়ন্ত্রণ; (গ) রাস্তা ও সর্বসাধারণের ব্যবহার্য স্থানে সকল প্রকার নিয়ন্ত্রণ যানবাহন এবং জনসাধারণের অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে রাস্তা ও সর্বসাধারণের ব্যবহার্য স্থানে অশ্বারোহণ, গাড়ি ও সাইকেল চালনা, হাঁটা এবং গবাদি পশুসহ চলাচল নিয়ন্ত্রণ; (ঘ) রাস্তায় চলাচলকারী যানবাহনে আলো ও বাতির সংখ্যা এবং উহাদের ব্যবহারের সময় নির্ধারণ; (ঙ) দিনের বেলায় রাস্তায় কখন গবাদি পশু চলাচল করিতে পারিবে না অথবা কোন্ কোন্ রাস্তা দিয়া চলাচল করিতে পারিবে না তাহা নির্ধারণ অথবা উহাদের চলাচলের উপর শর্ত আরোপ; (চ) রাস্তা দিয়া কাষ্ঠ, মই, লোহার পাত, রড ইত্যাদি জাতীয় লম্বা ও চওড়া দ্রব্যসামগ্রী বহনের সময় রাস্তা ইত্যাদি নিয়ন্ত্রণ ও পদ্ধতি নির্ধারণ; (ছ) আশে পাশের বাসিন্দাদের এবং যানবাহন আরোহীদের অসুবিধা ও বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান বাজনা, বাদ্য বাজনা, হর্ন বাজানো ইত্যাদির অনুমতি প্রদান ও নিয়ন্ত্রণ; (জ) শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিদের আচরণ ও চলাচল নিয়ন্ত্রণ এবং শোভাযাত্রা গমনাগমনের রাস্তা ও সময় নির্ধারণ; (ঝ) যানবাহন চলাচলে যাহাতে বিঘ্ন সৃষ্টি হইতে না পারে তজ্জন্য রাস্তায় বাঁশ বা খাম্বা লাগানো বা ঝুলানো নিষিদ্ধকরণ; (ঞ) কোনো রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গৃহ নির্মাণ সামগ্রী বা অন্যান্য বস্তু ফেলিয়া রাখা অথবা গরু, ছাগল, ইত্যাদি বাঁধিয়া রাখা নিবারণ বা নিয়ন্ত্রণ; (ট) বাসিন্দাদের অসুবিধা দূরীকরণের জন্য নিম্নবর্ণিত বিষয় নিষিদ্ধ করিয়া লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ, যথা:- (অ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সরকার বা স্থানীয় সংস্থার কর্মচারী ব্যতীত অন্য কাহারও দ্বারা রাস্তা ও সর্বসাধারণের ব্যবহার্য স্থানে আলোকসজ্জা করা; (আ) রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে বা উহার সন্নিকটে পাথর বিদীর্ণ করা অথবা মাটি খোঁড়া; (ই) সর্বসাধারণের ব্যবহার্য স্থানে বা উহার সন্নিকটে লাউড স্পিকার ব্যবহার; এবং (ঈ) পতনোন্মুখ বিল্ডিং এর বিপদ পরিহার বা অন্যান্য কারণবশত বিশেষ বিশেষ রাস্তায় সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা; (ঠ) কোনো বিল্ডিং, প্লাটফরম বা কাঠামো ধ্বংস করিবার সময় আঘাত লাগা বা অন্যান্য বিপদ হইতে জনসাধারণের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (ড) কাঠ-খড় অগ্নিদগ্ধ করা,বহ্ন্যুৎসব, বাজী পোড়ানো ও পটকা ফুটানো, ইত্যাদি নিবারণ বা নিয়ন্ত্রণ; (ঢ) সাধারণ চিত্তবিনোদন ও প্রমোদাগারের জন্য লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ; (ণ) জনসাধারণের ব্যবহার্য স্থানে এবং সাধারণ চিত্তবিনোদন প্রমোদাগারেও গমনাগমনের পথ নিয়ন্ত্রণ; (ত) জনসাধারণের চিত্তবিনোদন ও প্রমোদাগারে গান, বাজনা, নৃত্য, নাট্যাভিনয় বা অনুরূপ প্রকৃতির কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ; (থ) জনসাধারণের প্রমোদাগারে প্রবেশের জন্য টিকেট বিক্রয় অথবা পাস প্রদান নিবারণ ও নিয়ন্ত্রণ; এবং (দ) এই আইনের অধীন কোনো লাইসেন্স বা অনুমতি প্রদানের ফিস নির্ধারণ। (২) এই ধারার অধীন প্রণীতব্য প্রবিধান প্রাক-প্রকাশ করিতে হইবে এবং সরকারি গেজেটে প্রকাশ করিয়া ও সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থানে লটকাইয়া জারি করিতে হইবে, তবে পুলিশ কমিশনার, সমীচীন মনে করিলে, তৎকর্তৃক নির্ধারিত স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দ্বারাও প্রকাশ করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, সরকার যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, আশুব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে, তাহা হইলে প্রাক-প্রকাশ না করিয়াও প্রবিধান প্রণয়ন করা যাইবে।

End of ধারা ১১৩.

সূচিপত্র দেখুন: রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮