ধারা ১৮৩পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার
অধ্যায়- ১৪ ক্ষমতা, কার্যপ্রণালী, দণ্ড এবং আপিল প্রবেশ ও পরিদর্শন
ধারা ১৮৩
183. পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার (১) এই আইনের বিধানাবলি লঙ্ঘন করিয়া কোনো অপরাধ সংঘটিত করিবার কারণে ক্যান্টনমেন্টে কর্মরত পুলিশ বাহিনীর কোনো সদস্য, বিনা পরোয়ানায়, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করিতে পারিবেন না; তবে শর্ত থাকে যে,- (ক) কোনো বিধান অমান্য করিবার ক্ষেত্রে, কোনো ব্যক্তিকে এইরূপে গ্রেপ্তার করা যাইবে যিনি তাহার নাম ও ঠিকানা প্রদানে অসম্মত হন, অথবা, যদি তৎকর্তৃক প্রদত্ত নাম ও ঠিকানার যথার্থতা সম্পর্কে সন্দেহ করিবার যুক্তিযুক্ত কারণ থাকে, এই ক্ষেত্রে প্রমাণ করিবার দায়িত্ব গ্রেপ্তারকারী অফিসারের উপর বর্তাইবে এবং এইরূপে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে তাহার নাম ও ঠিকানা নিশ্চিতকরণের পর আটকাইয়া রাখা যাইবে না; এবং (খ) কোনো ব্যক্তিকে ধারা ১৭৪ এর অধীন কোনো অপরাধের জন্য এইরূপে গ্রেপ্তার করা হইবে না, যদি না- (অ) যে ব্যক্তিকে উত্যক্ত করা হইয়াছে, বা যে সামরিক অফিসারের উপস্থিতিতে অপরাধ সংঘটিত হইয়াছে, তিনি গ্রেপ্তারের জন্য অনুরোধ করেন; বা (আ) সেনা, নৌ বা বিমান বাহিনীর সামরিক পুলিশের কোনো সদস্য যিনি ক্যান্টনমেন্টে কর্মরত এবং এতদুদ্দেশ্যে স্টেশন কমান্ডার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, এবং যাহার উপস্থিতিতে অপরাধ সংঘটিত হইয়াছে, বা সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো অসামরিক পুলিশ অফিসার যিনি ক্যান্টনমেন্টে কর্মরত এবং এতদুদ্দেশ্যে স্টেশন কমান্ডার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, দ্বারা গ্রেপ্তার করা হয় বা গ্রেপ্তারের জন্য অনুরোধ করেন। (২) উপধারা (১)-এ যাহাই থাকুক না কেন, ক্যান্টনমেন্ট এলাকা হইতে অসামরিক পুলিশ কর্তৃক কোনো ব্যক্তিকে কোনো অভিযোগে গ্রেফতারের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেশন কমান্ডারকে অবহিত করিতে হইবে।