চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮
ধারা ২সংজ্ঞা
প্রথম অধ্যায় প্রারম্ভিক
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘ইউনিয়ন পরিষদ’’ অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধীন গঠিত ইউনিয়ন পরিষদ; (২) ‘‘ইমারত’’ অর্থ Building Construction Act, 1952 (Act No. II of 1953) এর section 2(b) এ সংজ্ঞায়িত building, (৩) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ; (৪) ‘‘ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী’’ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো কর্মচারী; (৫) ‘‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন’’ অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন; (৬) ‘‘চেয়ারম্যান’’ অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (৭) ‘‘তহবিল’’ অর্থ ধারা ৩২ এ উল্লিখিত তহবিল; (৮) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি বা, ক্ষেত্রমত, প্রবিধান দ্বারা নির্ধারিত; (৯) ‘‘নিয়ন্ত্রিত এলাকা’’ অর্থ ধারা ১৫ এর অধীন ঘোষিত নিয়ন্ত্রিত এলাকা; (১০) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১১) ‘‘পৌরসভা’’ অর্থ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধীন গঠিত পৌরসভা; (১২) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১৩) ‘‘ব্যক্তি’’ অর্থে যে কোনো প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থা, উহা নিবন্ধিত হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে; (১৪) ‘‘মহাপরিকল্পনা (Master Plan)’’ অর্থ ধারা ১১ এর অধীন প্রণীত মহাপরিকল্পনা; (১৫) ‘‘সচিব’’ অর্থ ধারা ৪০ এর অধীন নিযুক্ত কর্তৃপক্ষের সচিব; (১৬) ‘‘সদস্য’’ অর্থ কর্তৃপক্ষের যে কোনো সদস্য; (১৭) ‘‘সার্বক্ষণিক সদস্য’’ অর্থ ধারা ৬ এর উপ-ধারা (১) এর অধীন নিযুক্ত কর্তৃপক্ষের কোনো সার্বক্ষণিক সদস্য; এবং (১৮) ‘‘স্থানীয় কর্তৃপক্ষ’’ অর্থ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনসহ কোনো আইনের অধীন কোনো নির্দিষ্ট কার্যাদি সম্পাদনের জন্য প্রতিষ্ঠিত কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান।