বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮
ধারা ২৬রহিতকরণ ও হেফাজত
ধারা ২৬
26. রহিতকরণ ও হেফাজত (১) ১লা মাঘ, ১৩৯৮ বাং/১৫ই জানুয়ারি, ১৯৯২ ইং তারিখের রিজলিউশন নং পিএমইউ (সেচ)-প্রকল্প-২১(৪)/৯০/১৫, অতঃপর উক্ত রিজলিউশন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত রিজলিউশন এর অধীন- (ক) কৃত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা বা প্রস্তুতকৃত বাজেট প্রাক্কলন, স্কিম বা প্রকল্প এই আইনের অধীনকৃত, গৃহীত বা প্রস্তুতকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) প্রণীত কোনো বিধি বা ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন প্রণীত বা ইস্যুকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) উক্ত রিজলিউশন রহিত হইবার সঙ্গে সঙ্গে উক্ত রিজলিউশন এর অধীন গঠিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিলুপ্ত হইবে এবং বিলুপ্ত কর্তৃপক্ষের- (ক) সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, সকল দাবি ও অধিকার, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ড এবং অনান্য দলিল ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কর্তৃপক্ষের সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, দাবি ও অধিকার, হিসাব বহি, রেজিস্টার, রেকর্ড এবং দলিল হিসাবে গণ্য হইবে; (খ) সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি, যথাক্রমে ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কর্তৃপক্ষের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে; (গ) বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কর্তৃপক্ষের বিরুদ্ধে বা ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে; (ঘ) সকল কর্মকর্তা ও কর্মচারী ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কর্তৃপক্ষের কর্মচারী হিসাবে গণ্য হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তে চাকরিতে নিয়োজিত ছিলেন সেই একই শর্তে নিযুক্ত থাকিবেন, যতক্ষণ পর্যন্ত না ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ কর্তৃক তাহাদের চাকরির শর্তাবলি পরিবর্তিত হয়।