Skip to content

বস্ত্র আইন, ২০১৮

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘‘অধিদপ্তর’’ অর্থ বস্ত্র অধিদপ্তর; (২) ‘‘উৎপাদন উপকরণ’’ অর্থ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তন্তু বা আঁশ হইতে সুতা, সুতা হইতে কাপড়, উইভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, তৈরি পোশাক, এক্সেসরিজ প্যাকেজিং, ফ্যাশন ডিজাইনিং, এমব্রয়ডারিসহ উৎপাদন ও প্রক্রিয়াকরণের বিভিন্ন স্তরে ব্যবহৃত অন্যান্য যন্ত্র ও যন্ত্রপাতি; (৩) ‘‘ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী’’ অর্থ সরকার বা পোষক কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী; (৪) ‘‘নিবন্ধন’’ অর্থ আইনের ধারা ১২ এর অধীন প্রদত্ত নিবন্ধন; (৫) ‘‘মহাপরিচালক’’ অর্থ অধিদপ্তরের মহাপরিচালক; (৬) ‘‘পোষক কর্তৃপক্ষ’’ অর্থ বস্ত্র অধিদপ্তর; (৭) ‘‘বস্ত্র’’ অর্থ কোনো প্রাকৃতিক উপাদান দ্বারা প্রস্তুতকৃত কোনো বস্ত্র বা বস্ত্র পণ্য বা নিম্নবর্ণিত কোনো তন্তু বা আঁশ বা হইতে প্রস্তুতকৃত বস্ত্র- (ক) কোনো উদ্ভিদজাত তন্তু বা উদ্ভিদের বাকল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও শিকড় হইতে প্রস্তুতকৃত তন্তু, যেমন- পাট ও পাট জাতীয় আঁশ, তুলা, নারিকেলের ছোবড়া, কলা, বাঁশ, বেত ও অন্যান্য উদ্ভিদের তন্তু বা আঁশ; (খ) বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত তন্তু, যেমন-পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রিলিক, ভিসকস (viscose) বা অন্য যে কোনো কৃত্রিম তন্তু; (গ) কোনো খনিজজাত তন্তু বা খনিজ পদার্থ হইতে উৎপাদিত তন্তু; (ঘ) কোনো প্রাণিজাত তন্তু বা প্রাণির দেহ হইতে বিভিন্ন প্রক্রিয়ায় উৎপাদিত তন্তু; (৮) ‘‘বস্ত্রশিল্প’’ অর্থ তুলা, সুতা, ফেব্রিকস, বস্ত্র বা তৈরি পোশাক, বস্ত্রখাতের মূলধনি যন্ত্রপাতি, কম্পোজিট কার্যক্রম, এলাইড টেক্সটাইল ও প্যাকেজিং উপাদান উৎপাদন, বস্ত্র পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, গুদামজাতকরণ, আমদানি ও রপ্তানি, বিক্রয় ও বাজারজাতকরণ, বায়িং হাউজসহ সকল কার্যক্রম এবং এতদ্‌সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনাকারী সকল প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠান: তবে শর্ত থাকে যে, বস্ত্র পণ্য উৎপাদনের সহিত জড়িত নহে স্থানীয় বাজারের এইরূপ খুচরা ও পাইকারি বস্ত্র ব্যবসা এবং উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি কার্যক্রম ইহার অন্তর্ভুক্ত হইবে না; (৯) ‘‘ব্যক্তি’’ অর্থে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারী কারবার, ফার্ম বা অন্য কোনো সংস্থা এবং আইনের মাধ্যমে সৃষ্ট কোনো সত্ত্বা বা কৃত্রিম আইনগত সত্ত্বাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (১০) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বস্ত্র আইন, ২০১৮