জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইন, ২০১৮
ধারা ৮একাডেমির কার্যাবলি
ধারা ৮
8. একাডেমির কার্যাবলি একাডেমির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, ক্রয়কার্য ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা ও নেতৃত্ব, আর্থিক ব্যবস্থাপনা, প্রকল্প মূল্যায়ন ও পরিবীক্ষণ, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স, মানব সম্পদ ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা, ভাষা শিক্ষা ও তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা; (খ) অনুরোধের ভিত্তিতে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের যে কোনো বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা; (গ) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার উন্নয়ন প্রকল্পের প্রাক-বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইসহ প্রকল্প তৈরি এবং উহা পরিবীক্ষণ ও মূল্যায়নের পরামর্শ প্রদান করা; (ঘ) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার পরিকল্পনা ও নীতি প্রণয়নে এবং উহার বাস্তবায়নে সহায়তা প্রদানের উদ্দেশ্যে গবেষণা পরিচালনা ও মূল্যায়নে সহায়তা করা; (ঙ) পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন বিষয়ে এবং প্রশিক্ষণ কার্যক্রমের উৎকর্ষতার লক্ষ্যে দেশি ও বিদেশি সংস্থার সহিত যোগাযোগ স্থাপন করা; (চ) ওয়ার্কশপ, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প ব্যবস্থাপনা, উন্নয়ন অর্থনীতি এবং অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করা; (ছ) গবেষণা ও প্রকাশনা সম্পাদনা ও প্রকাশ করা; এবং (জ) সরকার কর্তৃক নির্দেশিত অন্যান্য বিষয়ে কার্যক্রম গ্রহণ করা।