কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮
ধারা ১৪ট্রাস্টের তহবিল
ধারা ১৪
14. ট্রাস্টের তহবিল (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহা নিম্নরূপ দুইটি অংশে বিভক্ত থাকিবে, যথা:- (ক) স্থায়ী তহবিল; এবং (খ) চলতি তহবিল (২) উপ-ধারা (১) এর দফা (ক) এর অধীন গঠিত স্থায়ী তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত এককালীন অনুদান; (খ) সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত অনুদান; এবং (গ) উক্তরূপে জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত লভ্যাংশের সমুদয় অথবা অংশবিশেষ। (৩) স্থায়ী তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যয় করা যাইবে এবং ব্যাংকের হিসাব ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সদস্য-সচিবের স্বাক্ষরে পরিচালিত হইবে। (৪) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন গঠিত চলতি তহবিলে নিম্নরূপ অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত বার্ষিক অনুদান; (খ) স্থানীয় ব্যক্তি অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দান ও অনুদান; (গ) বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাধীন আর্থিক সহায়তা; (ঘ) প্রবাসীদের স্বেচ্ছাধীন আর্থিক সহায়তা; (ঙ) সরকার অনুমোদিত বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার অনুদান; (চ) সরকার অনুমোদিত অন্যান্য দেশি ও বিদেশি উৎস হইতে প্রাপ্ত অর্থ; (ছ) সমাজের বিত্তবান, শিল্পপতি, ব্যবসায়ী, পেশাজীবী ও অন্যান্য সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান বা অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত স্বেচ্ছাধীন অনুদান; (জ) ট্রাস্টের আয়বর্ধনমূলক বিনিয়োগকৃত অর্থ হইতে মুনাফা বা লভ্যাংশের সমুদয় অর্থ অথবা উহার অংশবিশেষ; (ঝ) সরকার অনুমোদিত লটারির টিকেট বিক্রয়লব্ধ অর্থ। (৫) ট্রাস্টের দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন-ভাতা চলতি তহবিল হইতে নির্বাহ করা হইবে। (৬) স্থানীয় পর্যায়ে সংগৃহীত অর্থ চলতি তহবিলে কমিউনিটি ক্লিনিকের নামে স্থানীয় ব্যাংক হিসাবে জমা রাখিতে হইবে এবং এই ব্যাংক হিসাব ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে। (৭) ট্রাস্টি বোর্ডের সভায় গৃহিত সিদ্ধান্তের ভিত্তিতে ট্রাস্ট আয়বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ ও বিনিয়োগ করিতে পারিবে।
সূচিপত্র দেখুন: কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮