বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮
ধারা ৬পরিচালনা পর্ষদ
দ্বিতীয় অধ্যায় বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ৬
6. পরিচালনা পর্ষদ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) বস্ত্র অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঝ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঞ) বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ট) ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উহার একজন অধ্যাপক; (ঠ) ভাইস চ্যান্সেলর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উহার একজন অধ্যাপক; (ড) অধ্যক্ষ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা; (ঢ) সরকার কর্তৃক মনোনীত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একজন অধ্যক্ষ; (ণ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর একজন প্রতিনিধি; (ত) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একজন অধ্যক্ষ; (থ) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত শিল্প দক্ষতা পরিষদ এর একজন প্রতিনিধি; (দ) বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন কর্তৃক মনোনীত নির্বাহী সদস্য পদমর্যাদার একজন প্রতিনিধি; (ধ) সরকার কর্তৃক মনোনীত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিশেষজ্ঞ পর্যায়ের ৩ (তিন) জন প্রতিনিধি, তন্মধ্যে একজন হইবেন মহিলা; এবং (ন) সচিব, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঢ), (ত) ও (ধ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, কোনো মনোনীত সদস্যের মেয়াদ শেষ হইবার পূর্বে তাহার মনোনয়ন বাতিল করিতে পারিবে : আরও শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য যে কোনো সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।