[অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ] আইন, ২০১৯
ধারা ৫০বিশ্ববিদ্যালয় বিধি
ধারা ৫০
50. বিশ্ববিদ্যালয় বিধি এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- (ক) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট ও অন্যান্য প্রোগ্রাম বা কোর্সে ভর্তি ও নিবন্ধন; (খ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন; (গ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট পাইবার যোগ্যতার শর্তাবলি নির্ধারণ; (ঘ) শিক্ষাদান, টিউটোরিয়াল ক্লাস, গবেষণাগার ও গ্রন্থাগার ব্যবহার ও পরিচালনার পদ্ধতি নিরূপণ; (ঙ) বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের বসবাসের শর্তাবলি এবং তাহাদের আচরণ ও শৃঙ্খলা; (চ) বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রোগ্রাম বা কোর্সে ভর্তির জন্য আদায়যোগ্য ফি নির্ধারণ; (ছ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী কমিটি গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (জ) শিক্ষাদান ও পরীক্ষা পরিচালনা পদ্ধতি নির্ধারণ; (ঝ) ফেলোশীপ, স্কলারশীপ বা বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (ঞ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্থা গঠন ও উহার ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ; (ট) হল পরিচালনা এবং হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক নিয়োগ; এবং (ঠ) এই আইন বা সংবিধির অধীনে বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।
সূচিপত্র দেখুন: [অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ] আইন, ২০১৯