Skip to content

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯

ধারা ৯নির্বাহী কমিটি

বলবৎ

ধারা ৯

9. নির্বাহী কমিটি (১) পরিষদের একটি নির্বাহী কমিটি থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাহী কমিটি গঠিত হইবে, যথা:- (ক) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ একজন কর্মচারী; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে হেন এইরূপ একজন কর্মচারী; (ঘ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ একজন কর্মচারী; (ঙ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ একজন কর্মচারী; (চ) মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়; (ছ) মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর; (জ) মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; (ঝ) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; (ঞ) মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো; (ট) ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন; (ঠ) ব্যবস্থাপনা পরিচালক, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট; (ড) পরিচালক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; (ঢ) পরিচালনা বোর্ডের মনোনীত সদস্যগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন বিশিষ্ট সমাজ কর্মী যাহাদের মধ্যে অন্যূন ২(দুই)জন মহিলা হইবেন; এবং (ণ) নির্বাহী সচিব, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঢ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময় কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে অব্যাহতি প্রদানকরিতে পারিবে এবং কোনো মনোনীত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এর দফা ঢ এর অধীন মনোনীত কোনো সদস্যপদ শূন্য হইলে সরকার নির্বাহী কমিটির মনোনীত সদস্যদের মধ্য হইতে অন্য যে কোনো সদস্যকে অবশিষ্ট সময়ের জন্য উক্ত শূন্য পদে মনোনয়ন প্রদান করিতে পারিবে। (৪) নির্বাহী কমিটির মনোনীত সদস্যগণের পদ শূন্য হইবে, যদি- (ক) তিনি পরিচালনা বোর্ডের সদস্য না থাকেন; (খ) তিনি নির্বাহী কমিটির অনুমতি গ্রহণ ব্যতীত পর পর ৩(তিন)টি সভায় অনুপস্থিত থাকেন; (গ) তিনি সরকার কর্তৃক অপসারিত হন; (ঘ) তিনি স্বীয় পদ ত্যাগ করেন; এবং (ঙ) তিনি কোনো শূন্য পদের বিপরীতে অবশিষ্ট মেয়াদের জন্য মনোনীত হইবার পর অবশিষ্ট মেয়াদকাল শেষ হইয়া যায়।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯