Skip to content

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

ধারা ৯পরিচালনা বোর্ড

বলবৎ

ধারা ৯

9. পরিচালনা বোর্ড (১) কর্পোরেশনের পরিচালনা বোর্ড নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে গঠিত হইবে, যথা : - (ক) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন চেয়ারম্যান; (খ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ২ (দুই) জন কর্মচারী; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক) জন কর্মচারী; (ঘ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক)জন কর্মচারী; (ঙ) সরকার কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন অধ্যাপক; (চ) পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, পদাধিকারবলে; (ছ) সরকার কর্তৃক মনোনীত বীমা ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ ২ (দুই) জন বীমাবিদ; (জ) সরকার কর্তৃক মনোনীত হিসাবরক্ষণ ও নিরীক্ষা বিষয়ে অভিজ্ঞ ১(এক) জন পেশাদার একাউন্টেন্ট; এবং (ঝ) ব্যবস্থাপনা পরিচালক, পদাধিকারবলে। ব্যাখ্যা : উপ-ধারা (১) এর দফা (জ) এর উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘পেশাদার একাউন্টেন্ট’’ অর্থ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ (২০১৫ সনের ১৬ নং আইন) এর ধারা ২ এর দফা (১৮) তে সংজ্ঞায়িত ও নিবন্ধিত পেশাদার একাউন্টেন্ট। (২) উপ-ধারা (১) এর দফা (ক), (ঙ), (ছ) ও (জ) তে উল্লিখিত পরিচালকগণ ৩ (তিন) বৎসর মেয়াদে স্বপদে বহাল থাকিবেন এবং অনধিক ১ (এক) মেয়াদে পুনঃনিয়োগের যোগ্য হইবেন : তবে শর্ত থাকে যে, সরকার কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় চেয়ারম্যান বা যে কোনো পরিচালককে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৩) চেয়ারম্যান বা পরিচালক সরকারের উদ্দ্যেশ্যে স্বীয় স্বক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক গৃহীত বা অনুমোদিত না হওয়া পর্যন্ত উক্তরূপ পদত্যাগ কার্যকর হইবে না। (৪) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়াম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন পরিচালক চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীমা কর্পোরেশন আইন, ২০১৯