বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯
ধারা ১৯ভেটেরিনারি প্র্যাকটিশনারদের নিবন্ধন, ইত্যাদি
ধারা ১৯
19. ভেটেরিনারি প্র্যাকটিশনারদের নিবন্ধন, ইত্যাদি (১) কোনো ব্যক্তিকে ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসাবে নিবন্ধনের জন্য তপশিলের ক্রমিক নম্বর ১ ও ২ অথবা ধারা ১৫ এর উপ-ধারা (৫) এর অধীন স্বীকৃত ডিগ্রিসহ ভেটেরিনারি বিষয়ে শিক্ষাগত যোগ্যতার সনদসহ নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর কাউন্সিল- (ক) আবেদনে উল্লিখিত তথ্যাবলি পরীক্ষা করিয়া নির্ধারিত মানদণ্ড ও নীতিমালার আলোকে এবং ধারা ১৮ এর অধীন যদি কোনো পরীক্ষা গ্রহণ করা হয় তাহা হইলে উক্ত পরীক্ষায় কৃতকার্য হইলে ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসাবে উক্ত ব্যক্তিকে নিবন্ধন করিবে; এবং (খ) আবেদনকারী নিবন্ধনের অযোগ্য হইলে তাহাকে নিবন্ধন করিবে না এবং আবেদনটি নামঞ্জুরকরতঃ উহার কারণ উল্লেখক্রমে আবেদনকারীকে অবহিত করিবে। (৩) কাউন্সিল উপ-ধারা (২) এর অধীন নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনারদের নাম ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য একটি নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করিবে এবং উহা প্রকাশ ও সংরক্ষণ করিবে। (৪) নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার কর্তৃক প্রতি ৪ (চার) বৎসর অন্তর অন্তর নির্ধারিত পদ্ধতিতে তাহার নিবন্ধন নবায়ন করিতে হইবে। (৫) কোনো নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার ভেটেরিনারি বিষয়ে কোনো অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা বা সনদ অর্জন করিলে কাউন্সিল তাহার আবেদনের প্রেক্ষিতে নিবন্ধন বহিতে তাহার নামের বিপরীতে উক্তরূপ যোগ্যতা অন্তর্ভুক্ত করিবে। (৬) নিবন্ধন বহি Evidence Act, 1872 (Act No. I of 1872) এর অধীন সরকারি দলিল বলিয়া গণ্য হইবে।