বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকিলে, এই আইনে - (১) ‘‘কাউন্সিল’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল; (২) ‘‘কার্যনির্বাহী কমিটি’’ অর্থ ধারা ১০ এর অধীন গঠিত কার্যনির্বাহী কমিটি; (৩) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি বা, ক্ষেত্রমত, প্রবিধান দ্বারা নির্ধারিত; (৪) ‘‘নিবন্ধন বহি’’ অর্থ কাউন্সিল কর্তৃক সংরক্ষিত ভেটেরিনারি প্র্যাকটিশনার এবং প্যারাভেটদের নিবন্ধন বহি; (৫) ‘‘নিবন্ধিত প্যারাভেট’’ অর্থ কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কোনো প্যারাভেট; (৬) ‘‘নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার’’ অর্থ কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কোনো ভেটেরিনারি প্র্যাকটিশনার; (৭) ‘‘পেশাগত অসদাচরণ’’ অর্থ এই আইন, বিধি, প্রবিধান বা পেশাগত বিষয়ে জারিকৃত কোনো নীতিমালা দ্বারা অর্পিত কোনো পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতা বা অবহেলা বা কাউন্সিল কর্তৃক প্রবিধান দ্বারা নির্ধারিত কোনো অসদাচরণ; (৮) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৯) ‘‘প্রাণি’’ অর্থ মানুষ ব্যতীত সকল প্রাণি; (১০) ‘‘প্যারাভেট’’ অর্থ জীববিদ্যা বিষয়সহ বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণসহ সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে অন্যূন ৩(তিন) বৎসর মেয়াদী ভেটেরিনারি কোর্সে উত্তীর্ণ কোনো ব্যক্তি; (১১) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১২) ‘‘ভেটেরিনারি’’ অর্থ ভেটেরিনারি শিক্ষা ও পেশায় দেশীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাণির উৎপাদন, স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, ব্যবস্থাপনা, ইত্যাদি সংক্রান্ত বিষয়াবলি; (১৩) ‘‘ভেটেরিনারিয়ান’’ অর্থ সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ভেটেরিনারি প্রতিষ্ঠান হইতে ভেটেরিনারি শিক্ষায় অন্যূন স্নাতক ডিগ্রি অর্জনকারী ব্যক্তি; (১৪) ‘‘ভেটেরিনারি প্রতিষ্ঠান’’ অর্থ কোনো আইনের অধীনে প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান যাহা ভেটেরিনারি শিক্ষা পরিচালনা এবং এতদ্বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা বা প্রশিক্ষণ প্রদান করিয়া থাকে; (১৫) ‘‘ভেটেরিনারি প্র্যাকটিস’’ অর্থ প্রাণির চিকিৎসা, বৃদ্ধি ও সংরক্ষণ, রোগ নির্ণয়, রোগ নিয়ন্ত্রণ ও দমন, সম্প্রসারণ কার্যক্রম, প্রাণি ও প্রাণিজাত পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, সঙ্গ নিরোধ, গবেষণা, কৃত্রিম প্রজনন, গণস্বাস্থ্য, ভেটেরিনারি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান বা পরামর্শ প্রদান; (১৬) ‘‘ভেটেরিনারি শিক্ষা’’ অর্থ প্রাণির উৎপাদন, স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, চিকিৎসা, ব্যবস্থাপনা এবং এতদ্সংশ্লিষ্ট বিষয়ে তপশিলে উল্লিখিত কোনো ডিগ্রি, ডিপ্লোমা বা প্রশিক্ষণ; (১৭) ‘‘রেজিস্ট্রার’’ অর্থ কাউন্সিলের রেজিস্ট্রার; (১৮) ‘‘সদস্য’’ অর্থ কাউন্সিলের কোনো সদস্য; (১৯) ‘‘সভাপতি’’ অর্থ কাউন্সিলের সভাপতি; এবং (২০) ‘‘সহ-সভাপতি’’ অর্থ কাউন্সিলের সহ-সভাপতি।