Skip to content

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯

ধারা ৬কাউন্সিল গঠন, ইত্যাদি

বলবৎ

ধারা ৬

6. কাউন্সিল গঠন, ইত্যাদি কাউন্সিল গঠন, ইত্যাদি ।- (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; (খ) মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর; (গ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত অধিদপ্তরে কর্মরত ১ (এক) জন জ্যেষ্ঠ ভেটেরিনারিয়ান; (ঙ) ডিন, ভেটেরিনারি বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; (চ) ডিন, ভেটেরিনারি মেডিসিন অনুষদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়; (ছ) (ঙ) ও (চ) এ বর্ণিত বিশ্ববিদ্যালয় ব্যতীত ভেটেরিনারি বিষয়ে পাঠদানকারী অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ডিনদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন নিবন্ধিত ভেটেরিনারিয়ান; (জ) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কর্তৃক মনোনীত ১ (এক) জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল; (ঝ) প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ভেটেরিনারি বিষয়ে স্বীকৃত যোগ্যতাসম্পন্ন প্রতিরক্ষা বাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের ১ (এক) জন সদস্য; (ঞ) সভাপতি, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন; (ট) ভেটেরিনারি প্র্যাকটিশনারগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন ভেটেরিনারি প্র্যাকটিশনার, তন্মধ্যে ১ (এক) জন মহিলা হইবেন; (ঠ) বাংলাদেশের প্রত্যেক প্রশাসনিক বিভাগ হইতে নির্ধারিত উপায়ে নির্বাচিত ১ (এক) জন করিয়া নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনার; এবং (ড) রেজিস্ট্রার, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কাউন্সিলের সদস্যগণ তাহাদের মধ্য হইতে কাউন্সিলের ১ (এক) জন সভাপতি ও ১ (এক) জন সহ-সভাপতি নির্বাচন করিবেন। (৩) কাউন্সিল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উপ-ধারা (২) এর অধীন নির্বাচন অনুষ্ঠিত হইবে। (৪) কাউন্সিলের মেয়াদ হইবে ৪ (চার) বৎসর এবং উক্ত মেয়াদের জন্য কাউন্সিলের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হইবেন: তবে শর্ত থাকে যে, পরবর্তী কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত উক্ত কাউন্সিল স্বীয় দায়িত্ব পালন করিবে। (৫) উপ-ধারা (৪) এ উল্লিখিত মেয়াদ শেষ হইবার পূর্বে সরকার সভাপতি বা সহ-সভাপতিকে বা, ক্ষেত্রমত, উভয়কে তাহার বা তাহাদের পদ হইতে যে কোনো সময় জনস্বার্থে অব্যাহতি প্রদান করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, উক্তরূপ অব্যাহতি প্রদানের পূর্বে সভাপতি বা সহ-সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে। (৬) উপ-ধারা (৫) এর অধীন সভাপতিকে অব্যাহতি প্রদান করা হইলে বা উপ-ধারা (৮) এর অধীন তাহার পদত্যাগপত্র গৃহীত হইলে সহ-সভাপতি অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব পালন করিবেন। (৭) সভাপতি ও সহ-সভাপতি উভয়কেই অব্যাহতি প্রদান করা হইলে বা উপ-ধারা (৮) এর অধীন তাহাদের পদ শূন্য হইলে কাউন্সিলের সদস্যগণ নিজেদের মধ্য হইতে ১ (এক) জন সভাপতি এবং ১ (এক) জন সহ-সভাপতি নির্বাচিত করিবেন যাহারা কাউন্সিলের অবশিষ্ট মেয়াদকালীন সময়ে স্বীয় দায়িত্ব পালন করিবেন। (৮) সভাপতি, সহ-সভাপতি এবং কাউন্সিলের যে কোনো সদস্য যে কোনো সময় সরকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করিতে পারিবেন এবং সরকার কর্তৃক পদত্যাগপত্র গৃহীত হইবার তারিখ হইতে সংশ্লিষ্ট পদ শূন্য হইবে। (৯) উপ-ধারা (১) এর দফা (ট) এবং (ঠ) এর অধীন মনোনীত ও নির্বাচিত সদস্যগণ তাহাদের মনোনয়ন বা নির্বাচনের তারিখ হইতে পরবর্তী ৪ (চার) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, মনোনয়নকারী কর্তৃপক্ষ উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময় উক্তরূপ মনোনীত বা নির্বাচিত কোনো সদস্যকে জনস্বার্থে সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (১০) উপ-ধারা (৮) বা (৯) এর অধীন কোনো সদস্য পদ শূন্য হইবার কারণে কাউন্সিলের সভায় কোরাম সংকট সৃষ্টি হইলে সরকার এই আইনের বিধান অনুসরণ করিয়া উক্ত শূন্য পদে সদস্য নিয়োগ করিতে পারিবে এবং উক্তরূপে নিয়োগপ্রাপ্ত সদস্যগণ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯