চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০
প্রথম তফসিলবিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি
প্রথম তফসিল
তপশিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি [ধারা ৩৬ দ্রষ্টব্য]
প্রথম তফসিল, ক্রমিক ১
১। সংজ্ঞা। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই সংবিধিতে (ক) "আইন" অর্থ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন ২০২০; এবং (খ) "অধ্যাপক", "সহযোগী অধ্যাপক", "সহকারী অধ্যাপক", "প্রভাষক" এবং "রেজিস্টার্ড গ্র্যাজুয়েট" অর্থ যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট।
প্রথম তফসিল, ক্রমিক ২
২। অনুষদ। (১) কোনো অনুষদ উহার ডিন এবং অনুষদভুক্ত বিভাগসমূহের সকল শিক্ষক সমন্বয়ে গঠিত হইবে। (২) প্রত্যেক অনুষদের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) ডিন, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানগণ; (গ) অনুষদের ১০ (দশ) জন অধ্যাপক, যাহারা উপাচার্য কর্তৃক পালাক্রমে মনোনীত হইবেন; (ঘ) অধ্যাপক ও চেয়ারম্যানগণ ব্যতীত অনুষদের বিভিন্ন বিষয়ের ৫ (পাঁচ) জন শিক্ষক, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; (ঙ) অনুষদের বিষয় নহে অথচ একাডেমিক কাউন্সিলের মতে অনুষদের বিষয়ের সহিত গুরুত্বপূর্ণভাবে সম্পর্কযুক্ত এইরূপ বিষয়ে অনধিক ৩ (তিন) জন শিক্ষক, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; এবং (চ) অনুষদের এক বা একাধিক বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন ৩ (তিন) জন ব্যক্তি, যাহারা বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত। (৩) নির্বাহী কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন। (৪) এই আইনের বিধান এবং একাডেমিক কাউন্সিলের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, প্রত্যেক অনুষদের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা : (ক) অনুষদের জন্য পাঠ্যসূচি, পাঠক্রম ও অধ্যয়নের বিষয় নির্দিষ্টকরণ, প্রত্যেক পাঠ্যসূচি ও পাঠক্রমের জন্য নম্বর ধার্যকরণ এবং এতদুদ্দেশ্যে পাঠক্রম কমিটিসমূহ গঠন; (খ) অনুষদের বিষয়সমূহের পরীক্ষার জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরীক্ষকদের নাম সুপারিশকরণ; (গ) ডিগ্রি, ডিপ্লোমা, সনদ এবং অন্যান্য সম্মান প্রদানের শর্তাবলি একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশকরণ; (ঘ) অনুষদের বিভাগসমূহে শিক্ষক ও গবেষক পদ সৃষ্টির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশকরণ; এবং (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক উহার নিকট প্রেরিত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ।
প্রথম তফসিল, ক্রমিক ৩
৩। পাঠক্রম কমিটি। (১) প্রত্যেক বিভাগে একটি পাঠক্রম কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) বিভাগীয় চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) বিভাগের শিক্ষকগণ; (গ) অন্য কোনো বিশ্ববিদ্যালয় হইতে ডিন কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ের ২ (দুই) জন শিক্ষক; এবং (ঘ) সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ে ২ (দুই) জন বিশেষজ্ঞ সদস্য এবং উক্ত সদস্যগণের ১ (এক) জন হইবেন কোনো গবেষণা প্রতিষ্ঠানের সহিত এবং অপর জন হইবেন বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানের সহিত সক্রিয়ভাবে জড়িত ব্যক্তি এবং উভয় সদস্যই একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন। (২) পাঠক্রম কমিটি পাঠক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন করিবে এবং অনুষদ, একাডেমিক কাউন্সিল ও বিধি দ্বারা অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবে। (৩) বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে বিভাগ না থাকিলে, অনুষদের ডিন এবং এই বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় হইতে ডিন কর্তৃক মনোনীত উক্ত বিষয়ের ৫ (পাঁচ) জন শিক্ষক সমন্বয়ে পাঠক্রম কমিটি গঠিত হইবে। (৪) কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ১ (এক) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৪
৪। বিভাগ। (১) বিভাগীয় প্রধান অন্যান্য শিক্ষকগণের সহযোগিতায় বিভাগীয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধন করিবেন। (২) প্রত্যেক বিভাগীয় চেয়ারম্যান বিভাগীয় অধ্যাপকগণের মধ্য হইতে পালাক্রমে ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য উপাচার্য কর্তৃক নিযুক্ত হইবেন : তবে শর্ত থাকে যে, যদি কোনো বিভাগে অধ্যাপক না থাকেন, তাহা হইলে উপাচার্য জ্যেষ্ঠতম ৩ (তিন) জন সহযোগী অধ্যাপকের মধ্য হইতে ১ (এক) জনকে পালাক্রমে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেন : আরও শর্ত থাকে যে, যদি কোনো বিভাগে সহযোগী অধ্যাপক না থাকেন তাহা হইলে বিভাগের প্রবীণতম শিক্ষকদের মধ্য হইতে চেয়ারম্যান নিয়োগ করা হইবে। ব্যাখ্যা। এই সংবিধির উদ্দেশ্য পূরণকল্পে, পদবি ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং দুই ব্যক্তির পদবি ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে। (৩) ডিনের সাধারণ তত্ত্বাবধানে বিভাগীয় চেয়ারম্যান বিভাগের শিক্ষকগণের সহযোগিতায় বিভাগীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধন করিবেন। (৪) একাডেমিক কাউন্সিল এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে, বিভাগীয় চেয়ারম্যান তাহার বিভাগে শিক্ষাদান ও গবেষণা সংগঠন ও পরিচালনার জন্য ডিনের নিকট দায়ী থাকিবেন। (৫) প্রত্যেক বিভাগ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের সাধারণ তত্ত্বাবধানে পরিচালিত হইবে এবং বিভাগীয় চেয়ারম্যান বিভাগের রুটিন কার্যাবলি সম্পাদন করিবেন। (৬) বিভাগের নীতি নির্ধারণী বিষয়াবলি বিভাগীয় একাডেমিক কমিটি এবং বিভাগীয় পরিকল্পনা কমিটির অধীন থাকিবে। (৭) বিভাগের সকল শিক্ষক সমন্বয়ে একাডেমিক কমিটি গঠিত হইবে এবং উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা : (ক) শিক্ষার্থী ভর্তি; (খ) পাঠ্যসূচি প্রণয়ন; (গ) পরীক্ষা; (ঘ) শিক্ষাদান; এবং (ঙ) শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কার্যাবলি। (৮) বিভাগের মোট শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষক সমন্বয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় পরিকল্পনা কমিটি গঠিত হইবে : তবে শর্ত থাকে যে, উক্ত কমিটির সদস্য সংখ্যা অন্যূন ৩ (তিন) জন হইতে হইবে। (৯) পরিকল্পনা কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা : (ক) বিভাগের সম্প্রসারণ; এবং (খ) শিক্ষক ও অন্যান্য কর্মচারী নিয়োগ।
প্রথম তফসিল, ক্রমিক ৫
৫। বাছাই কমিটি। (১) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে বাছাই কমিটি গঠিত হইবে (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ১ (এক) জন বিশেষজ্ঞসহ আচার্য কর্তৃক মনোনীত ৩ (তিন) জন বিশেষজ্ঞ; (গ) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশেষজ্ঞ, যাহাদের মধ্যে ১ (এক) জন হইবেন এমন ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন; এবং (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশেষজ্ঞ, যাহাদের মধ্যে ১ (এক) জন হইবেন এইরূপ ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন। (২) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের জন্য একটি বাছাই বোর্ড নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য, যদি থাকেন; (গ) সংশ্লিষ্ট অনুষদের ডিন; (ঘ) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশেষজ্ঞ, যাহারা বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন; (ঙ) বিভাগীয় চেয়ারম্যান; (চ) সিন্ডিকেট কর্তৃক অন্যান্য বিশ্ববিদ্যালয় বা গবেষণা সংস্থা হইতে মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; এবং (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে একজন বিশেষজ্ঞ। (৩) বাছাই বোর্ড প্রতি ২ (দুই) বৎসর অন্তর পুনর্গঠিত হইবে : তবে শর্ত থাকে যে, মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও নূতন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত পূর্ববর্তী বোর্ড বলবৎ থাকিবে। (৪) কোনো বাছাই বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি উক্ত বোর্ড কর্তৃক আচার্যের নিকট প্রেরণ করা হইবে এবং এই বিষয়ে তাহার সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ৬
৬। ডরমিটরি ―( ১) ডরমিটরি তত্ত্বাবধায়ক উপাচার্য কর্তৃক নির্ধারিত শর্তে ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন। (২) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিসমূহের নামকরণ করিবে।
প্রথম তফসিল, ক্রমিক ৭
৭। হল। ― হল পরিচালনার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে প্রভোস্ট নিয়োগ করিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৮
৮। সম্মানসূচক ডিগ্রি। ― কোনো ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের কোনো প্রস্তাব একাডেমিক কাউন্সিল কর্তৃক সিন্ডিকেটের নিকট প্রেরণ করা হইলে এবং সিন্ডিকেট প্রস্তাবটি অনুমোদন করিলে উহা আচার্যের নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হইবে এবং আচার্য কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হইলে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা যাইবে।
প্রথম তফসিল, ক্রমিক ৯
৯। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট। ― (১) গ্র্যাজুয়েট হইবার পর অন্যূন ৩ (তিন) বৎসর অতিক্রান্ত হইলে বিশ্ববিদ্যালয়ের কোনো গ্র্যাজুয়েট সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত ফি প্রদান করিয়া রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নিবন্ধন বহিতে তাহার নাম অন্তর্ভুক্ত করিবার অধিকারী হইবেন। (২) উপ-অনুচ্ছেদ (১) অনুযায়ী দরখাস্তকারী ব্যক্তিকে নিবন্ধন ফি প্রদানের তারিখ হইতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে তালিকাভুক্ত করা হইবে এবং উপ-অনুচ্ছেদ (৫) এর বিধান অনুযায়ী নিবন্ধিত গ্র্যাজুয়েটদের নিবন্ধন বহি হইতে তাহার নাম বাদ না দেওয়া পর্যন্ত তিনি অব্যাহতভাবে এইরূপ তালিকাভুক্ত থাকিবেন। (৩) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে তালিকাভুক্ত কোনো ব্যক্তি নির্ধারিত ফি প্রদান করিয়া আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের সুযোগ-সুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন : তবে শর্ত থাকে যে, কোনো রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তাহার নাম নিবন্ধীকরণের প্রথম বৎসর হইতে ক্রমাগতভাবে ১৫ (পনেরো) বৎসর, বার্ষিক ফি প্রদান করিয়া থাকিলে তিনি আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত আর কোনো ফি প্রদান না করিয়াই রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে সুযোগ-সুবিধা ভোগ করিতে পারিবেন : আরও শর্ত থাকে যে, কোনো রেজিস্টার্ড গ্র্যাজুয়েট উপর্যুক্তভাবে নিবন্ধিত হইবার পর যে কোনো সময়ে সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত বার্ষিক ফি প্রদান করিয়া অনুরূপ ফি প্রদানের তারিখ হইতে আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত অতিরিক্ত কোনো ফি প্রদান না করিয়াই রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে সুযোগ-সুবিধা ভোগ করিতে পারিবেন : আরও শর্ত থাকে যে, বকেয়া ফি পরিশোধ না করিবার কারণে যাহার নাম নিবন্ধিত গ্র্যাজুয়েটদের তালিকা হইতে বাদ দেওয়া হইয়াছে, তিনি সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত এককালীন ফি পরিশোধ করিলে আজীবন সদস্যরূপে নিবন্ধিত হইতে পারিবেন। (৪) কোনো রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তাহার প্রদেয় বার্ষিক ফি শিক্ষা বৎসরের যে কোনো সময়ে প্রদান করিতে পারিবেন; তবে বিধি দ্বারা নির্ধারিত তারিখের মধ্যে তিনি কোনো শিক্ষা বৎসরের বকেয়া ফি প্রদানে ব্যর্থ হইলে তিনি সংশ্লিষ্ট শিক্ষা বৎসরে নিবন্ধিত স্নাতকের অধিকার প্রয়োগ বা সুযোগ-সুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন না এবং তাহার নাম উক্ত তালিকা হইতে বাদ দেওয়া হইবে। (৫) বিধি দ্বারা নির্ধারিত ফরমে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে তালিকাভুক্ত বা পুনঃভর্তির জন্য আবেদন করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত ফি প্রদান করা না হইলে পুনঃতালিকাভুক্তি বা পুনঃভর্তির কোনো আবেদন গ্রহণ করা হইবে না। (৬) গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি বা নিবন্ধন সংক্রান্ত সকল বিরোধ নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক নিষ্পত্তি করা হইবে, যথা: ― (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সদস্য; এবং (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন সদস্য। (৭) উপ-অনুচ্ছেদ (৬) এর অধীন গঠিত ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি উপাচার্য কর্তৃক স্থিরীকৃত হইবে। (৮) তালিকাভুক্তি বা নিবন্ধন সংক্রান্ত সকল বিরোধ নিষ্পত্তিতে উপ-অনুচ্ছেদ (৭) এর অধীন গঠিত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৯) রেজিস্টার্ড গ্র্যাজুয়েটগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার করিবার অধিকারী হইবেন।
প্রথম তফসিল, ক্রমিক ১০
১০। কর্মচারী নিয়োগ। ― (১) রেজিস্ট্রার, গ্রন্থাগারিক এবং সমপদমর্যাদাসম্পন্ন ও সমবেতনের অন্যান্য কর্মচারী নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত বাছাই বোর্ডের সুপারিশক্রমে সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন, যথা: ― ( ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য; (ঙ) সিন্ডিকেটের ১ (এক) জন সদস্যসহ সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ, যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন; (চ) আচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশিষ্ট ব্যক্তি; এবং (ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি। (২) অনুচ্ছেদ (১) এ উল্লিখিত কর্মচারী ব্যতীত অন্যান্য কর্মচারী নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত বাছাই বোর্ডের সুপারিশক্রমে সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন, যথা: ― ( ক ) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন; এবং (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ।
প্রথম তফসিল, ক্রমিক ১১
১১। রেজিস্ট্রারের কর্তব্য। ― রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মচারী হইবেন এবং তিনি ― (ক) বিশ্ববিদ্যালয়ের দলিলপত্র ও সাধারণ সিলমোহর এবং সিন্ডিকেট কর্তৃক তাহার তত্ত্বাবধানে অর্পিত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পত্তির তত্ত্বাবধায়ক হইবেন; (খ) বিশ্ববিদ্যালয়ের অফিস সংক্রান্ত চিঠিপত্র আদান-প্রদান করিবেন; (গ) একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব হইবেন; (ঘ) একাডেমিক কাউন্সিলের সভায় সদস্য-সচিব হিসাবে সভার কার্যবিবরণী লিপিবদ্ধ এবং রক্ষণাবেক্ষণ করিবেন; (ঙ) বক্তৃতা, হাতে-কলমে প্রদর্শন, টিউটোরিয়াল, পরীক্ষাগারের কার্য, গবেষণা, ব্যক্তিগত পড়াশোনাসহ প্রতিষ্ঠানের শিক্ষকম-লীর কার্যের সময়সূচি ও ব্যক্তিগত পথ নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের সহিত যোগাযোগ স্থাপন এবং তাহাদের সহশিক্ষাক্রম কার্যাবলির তদারকির বিষয়ে ডিন ও বিভাগীয় চেয়ারম্যানের সহিত যোগাযোগ রক্ষা করিবেন; (চ) উপাচার্য কর্তৃক তাহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন রক্ষণাবেক্ষণ করিবেন; এবং (ছ) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ১২
১২। অন্যান্য কর্মচারীর কর্তব্য। ― অন্যান্য কর্মচারী বিধি দ্বারা নির্ধারিত এবং সিন্ডিকেট ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ১৩
১৩। শিক্ষাক্রম। ― আইন অনুযায়ী একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম প্রবিধান দ্বারা নির্ধারণ করিবে।
প্রথম তফসিল, ক্রমিক ১৪
১৪। সংবিধির ব্যাখ্যা। ― এই সংবিধির কোনো বিধানের ব্যাখ্যার প্রয়োজন দেখা দিলে বিষয়টির উপর সিন্ডিকেটের প্রতিবেদনসহ উহা আচার্যের নিকট প্রেরণ করিতে হইবে এবং এতদ্বিষয়ে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। ড. জাফর আহমেদ খান সিনিয়র সচিব। মোহাম্মদ ইসমাইল হোসেন, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত। মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,
সূচিপত্র দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০