হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০
প্রথম তফসিলবিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি
প্রথম তফসিল
তপশিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি [ধারা ৩৬(২) দ্রষ্টব্য]
প্রথম তফসিল, ক্রমিক ১
১। সংজ্ঞা। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই সংবিধিতে (ক) "আইন" অর্থ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯; (খ) "কর্তৃপক্ষ", "অধ্যাপক", "সহযোগী অধ্যাপক", "সহকারী অধ্যাপক", "প্রভাষক", "কর্মচারী" অর্থ যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কর্মচারী।
প্রথম তফসিল, ক্রমিক ২
২। অনুষদ। (১) কোনো অনুষদ উহার ডিন এবং অনুষদভুক্ত বিভাগসমূহের সকল শিক্ষক সমন্বয়ে গঠিত হইবে। (২) প্রত্যেক অনুষদের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) ডিন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানগণ; (গ) অনুষদভুক্ত বিভাগসমূহের সকল অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক; (ঘ) অনুষদভুক্ত বিষয় নহে অথচ একাডেমিক কাউন্সিলের মতে অনুষদের বিষয়ের সহিত গুরুত্বপূর্ণভাবে সম্পর্কযুক্ত এমন বিষয়ে অনধিক ৩ (তিন) জন শিক্ষক, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত অনুষদের এক বা একাধিক বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন ২ (দুই) জন বিশেষজ্ঞ যাহারা বিশ্ববিদ্যালয়ের কোনো চাকুরীতে নিয়োজিত নহেন। (৩) নির্বাহী কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৩
৩। বাছাই কমিটি। (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগের সুপারিশের জন্য নিম্নবর্ণিত বাছাই কমিটি থাকিবে, যথা : (ক) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের বাছাই কমিটি : (১) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (২) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন শিক্ষাবিদ; (৩) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের একজন সদস্য; (৪) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ; (৫) বিভাগীয় চেয়ারম্যান (যদি তিনি অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন হন); (৬) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার একজন সদস্য। (খ) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের বাছাই কমিটি : (১) উপ-উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (২) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; (৩) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; (৪) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার একজন সদস্য; (৫) সংশ্লিষ্ট অনুষদের ডিন; এবং (৬) বিভাগীয় চেয়ারম্যান (যদি তিনি অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন হন)। (গ) কর্মচারী নিয়োগের বাছাই কমিটি : (১) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (২) ট্রেজারার; (৩) যে পদে কর্মচারী নিয়োগ করা হইবে সেই পদ সংশ্লিষ্ট বিষয়ে আচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; (৪) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন সদস্য; (৫) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ সদস্য; (৬) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন। (২) কোনো বাছাই কমিটির মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন : আরও শর্ত থাকে যে, পদাধিকারবলে বাছাই কমিটিতে নিয়োজিত কোনো সদস্য কেবল তাহার স্বপদে বহাল থাকা পর্যন্ত বাছাই কমিটির সদস্য পদে নিয়োজিত থাকিবেন। (৩) বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগদান করিবে। (৪) বাছাই কমিটির সুপারিশের সহিত সিন্ডিকেট ঐক্যমত পোষণ না করিলে পুনর্বিবেচনার জন্য বিষয়টি আচার্যের সমীপে প্রেরণ করিতে পারিবে এবং উক্ত বিষয়ে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৫) বাছাই কমিটি বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে সিন্ডিকেটের নিকট সুপারিশ করিতে পারিবে।
প্রথম তফসিল, ক্রমিক ৪
৪। শৃঙ্খলা কমিটি। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে শৃঙ্খলা কমিটি গঠিত হইবে, যথা : (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) উপাচার্য কর্তৃক পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডিন; (গ) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রভোস্ট; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; (ঙ) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন বিভাগীয় চেয়ারম্যান; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি, যাহাদের মধ্যে ১ (এক) জন আইনজীবী হইবেন; (ছ) ছাত্র বিষয়ক উপদেষ্টা; এবং (জ) প্রক্টর, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) শৃঙ্খলা কমিটির মনোনীত কোনো সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৫
৫। সম্মানসূচক ডিগ্রি। কোনো ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের কোনো প্রস্তাব একাডেমিক কাউন্সিল কর্তৃক সিন্ডিকেটের নিকট প্রেরিত হইলে এবং সিন্ডিকেট প্রস্তাবটি অনুমোদন করিলে উহা আচার্যের নিকট তাহার চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হইবে এবং আচার্যের কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হইলে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা যাইবে।
প্রথম তফসিল, ক্রমিক ৬
৬। পরিচালক (গবেষণা)। (১) উপাচার্য সুপারিশক্রমে, শিক্ষা ও গবেষণা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য পরিচালক (গবেষণা) নিযুক্ত হইবেন। (২) পরিচালক (গবেষণা) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ৭
৭। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম)। (১) উপাচার্য সুপারিশক্রমে, শিক্ষা ও গবেষণা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) নিযুক্ত হইবেন। (২) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ৮
৮। ছাত্র বিষয়ক উপদেষ্টা। (১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য ছাত্র বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হইবেন। (২) ছাত্র বিষয়ক উপদেষ্টা উপাচার্যের নিয়ন্ত্রণে থাকিয়া শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং শিক্ষা বহির্ভূত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও তত্ত্বাবধান এবং সার্বিক কল্যাণ বিধান করিবেন। (৩) ছাত্র বিষয়ক উপদেষ্টার অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ৯
৯। প্রক্টর। (১) উপ-আচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য প্রক্টর নিযুক্ত হইবেন। (২) প্রক্টরের দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১০
১০। প্রভোস্ট। (১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য প্রভোস্ট নিযুক্ত হইবেন। (২) প্রভোস্ট উপাচার্যের নিয়ন্ত্রণে থাকিয়া আবাসিক হল প্রশাসনের নির্বাহী কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করিবেন। (৩) প্রভোস্টের অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১১
১১। সহকারী প্রভোস্ট। (১) উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অন্যূন সহকারী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য সহকারী প্রভোস্ট নিযুক্ত হইবেন। (২) সহকারী প্রভোস্ট, প্রভোস্টের নিয়ন্ত্রণে থাকিয়া আবাসিক হল প্রশাসনের প্রভোস্টকে সাহায্য ও সহযোগিতা করিবেন। (৩) সহকারী প্রভোস্টের অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১২
১২। বিভাগীয় চেয়ারম্যান। (১) প্রত্যেক বিভাগে একজন বিভাগীয় চেয়ারম্যান থাকিবেন। (২) বিভাগীয় অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ২ (দুই) বৎসর মেয়াদে উপাচার্য কর্তৃক বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত হইবেন, যদি কোনো বিভাগে অধ্যাপক না থাকেন, তাহা হইলে উপাচার্য সহযোগী অধ্যাপকগণের মধ্য হইত জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ১ (এক) জনকে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করিবেন : তবে শর্ত থাকে যে, সহযোগী অধ্যাপকের নিম্নে কোনো শিক্ষককে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা যাইবে না : আরও শর্ত থাকে যে, অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো শিক্ষক কোনো বিভাগে কর্মরত না থাকিলে সংশ্লিষ্ট বিভাগের প্রবীণতম শিক্ষক উহার চেয়ারম্যান হইবেন। ব্যাখ্যা। এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, পদবি ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং কোনো ক্ষেত্রে পদবি ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকুরীকালের দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে। (৩) পর পর ২(দুই) মেয়াদের জন্য কোনো ব্যক্তি বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত হইতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, যদি কোনো বিভাগে কেবল একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক থাকেন, তাহা হইলে সেই ক্ষেত্রে এই উপ-অনুচ্ছেদের বিধান প্রযোজ্য হইবে না। (৪) বিভাগীয় চেয়ারম্যান সংশ্লিষ্ট বিভাগের শিক্ষা কার্যক্রমের যাবতীয় ব্যবস্থার নিশ্চয়তা বিধান করিবেন এবং এই সকল বিষয়ে তিনি ডীনের নিকট দায়ী থাকিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ১৩
১৩। কারিকুলাম কমিটির গঠন। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কারিকুলাম কমিটি গঠিত হইবে, যথা : (ক) সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সংশ্লিষ্ট বিভাগের সকল শিক্ষক; এবং (গ) উপাচার্য কর্তৃক মনোনীত এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ এইরূপ একজন ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন। (২) কারিকুলাম কমিটির মনোনীত সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২(দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন:
প্রথম তফসিল, ক্রমিক ১৪
১৪। কারিকুলাম কমিটির ক্ষমতা ও দায়িত্ব। (ক) পাঠক্রম বা কারিকুলাম নির্ধারণে একাডেমিক কাউন্সিলকে পরামর্শ প্রদান করিবে; (খ) অনুমোদিত পাঠক্রম অনুযায়ী পাঠ্য তালিকা প্রণয়ন করিবে; (গ) বিভিন্ন শিক্ষা কার্যক্রমের অধীন শিক্ষার্থীদের তত্ত্বাবধয়াক কমিটি গঠন ও গবেষণা তত্ত্বাবধয়াক নিয়োগের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ প্রদান করিবে; (ঘ) বিভাগীয় শিক্ষার্থীদের সকল প্রকার পরীক্ষা, থিসিস, গবেষণা, ইত্যাদি বিষয়ে পরীক্ষকদের তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবে; এবং (ঙ) সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা অনুষদ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে।
প্রথম তফসিল, ক্রমিক ১৫
১৫। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা: (ক) মানসম্মত পদ্ধতি ও শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষা দান করা; (খ) গবেষণা পরিচালনা, নির্দেশনা এবং তত্ত্বাবধান করা; (গ) বহিরাঙ্গন কার্যক্রমে অংশগ্রহণ করা; (ঘ) বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, কারিকুলাম ও পাঠ্য উপকরণ প্রণয়ন, পরীক্ষাসমূহ পরিচালনা, গ্রন্থাগার এবং অন্যান্য পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সংগঠনে কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করা; (ঙ) শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যে পরামর্শ দান ও পাঠ্যক্রম অতিরিক্ত কার্যাবলির তত্ত্বাবধান করা; (চ) দেশ গঠনে অবদান রাখা; এবং (ছ) সিন্ডিকেট ও উপাচার্য কর্তৃক অর্পিত অন্য্যান্য দায়িত্ব পালন করা।
প্রথম তফসিল, ক্রমিক ১৬
১৬। আর্থিক সুবিধা। বিশ্ববিদ্যালয়ের যে সকল দায়িত্বের জন্য আর্থিক সুবিধা প্রদান করা যাইবে সেই সকল দায়িত্বের মধ্য হইতে একসঙ্গে একাধিক দায়িত্ব কোনো শিক্ষক বা কর্মচারীকে প্রদান করা যাইবে না।
প্রথম তফসিল, ক্রমিক ১৭
১৭। আনুতোষিক। কোনো শিক্ষক, কর্মচারী অন্যূন ৫(পাঁচ) বৎসর কিন্তু ১০ (দশ) বৎসরের কম চাকুরী করিবার পর চাকুরী হইতে অবসর গ্রহণ বা পদত্যাগ করিলে বা পদ অবলুপ্তির কারণে তাহার চাকরির অবসান ঘটিলে বা তাহার মৃত্যু হইলে, তাহাকে বা তাহার পরিবারকে তিনি যত বৎসর চাকুরী করিয়াছেন উহার প্রতি পূর্ণ বৎসরের জন্য তাহার সর্বশেষ বার্ষিক মূল বেতনের সমপরিমাণ অর্থ আনুতোষিক হিসাবে প্রদান করা হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ১৮
১৮। অবসর। (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ৬৫ (পঁয়ষট্টি) বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন। (২) বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী ৬০ (ষাট) বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ১৯
১৯। অবসর ভাতা। কোনো শিক্ষক ও কর্মচারী অন্যূন ১০(দশ) বৎসর চাকুরী করিবার পর অবসর গ্রহণ বা পদত্যাগ করিলে বা তাহার মৃত্যু হইলে বা পদ অবলুপ্তির কারণে তাহার চাকুরীর অবসান ঘটিলে অনুরূপ ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারী সম্পর্কে সরকার, সময়ে সময়ে, অবসর ভাতার যে হার নির্ধারণ করিবে সেই হারে তাহাকে বা তাহার মৃত্যু হইলে, তাহার পরিবারকে অবসর ভাতা প্রদান করা হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ২০
২০। সাধারণ ভবিষ্য তহবিল। (১) বিশ্ববিদ্যালয় উহার শিক্ষক ও কর্মচারীদের জন্য নিজ অর্থে একটি সাধারণ ভবিষ্য তহবিল গঠন করিবে এবং শিক্ষক ও কর্মচারীগণ উপ-অনুচ্ছেদ (২) এর বিধান অনুসারে উক্ত তহবিলে চাঁদা প্রদান করিবেন। (২) সরকার কর্তৃক উহার কর্মচারীদের ভবিষ্য তহবিলে চাঁদা প্রদান সম্পর্কিত প্রণীত বিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ২১
২১। সভার কোরাম। অন্য কোনোভাবে কর্তৃপক্ষের সভার কোরাম নির্ধারণ করা না হইলে, প্রত্যেক কর্তৃপক্ষের সভায় উহার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশের উপস্থিতি দ্বারা সংশ্লিষ্ট সভার কোরাম হইবে এবং এই বিষয়ে প্রত্যেক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা হিসাবে গণনা করা হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ২২
২২। সংবিধির ব্যাখ্যা। এই সংবিধির কোনো বিধানের ব্যাখ্যার প্রয়োজন দেখা দিলে বিষয়টির উপর সিন্ডিকেটের প্রতিবেদনসহ উহা আচার্যের নিকট প্রেরণ করিতে হইবে এবং এতদ্বিষয়ে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। ড. জাফর আহমেদ খান সিনিয়র সচিব। মোহাম্মদ ইসমাইল হোসেন, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত। মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,