মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০
ধারা ৪৮বিধি প্রণয়নের ক্ষমতা
নবম অধ্যায় বিবিধ
ধারা ৪৮
48. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথা :- (ক) মৎস্য আহরণ, মৎস্য ও মৎস্যপণ্য হ্যান্ডলিং, প্রক্রিয়াজাতকরণ, গ্রেডিং, হিমায়িতকরণ, বরফায়িতকরণ, প্যাকেজিং, লেবেলিং, মার্কিং, বাজারজাতকরণ, মজুদ, সংরক্ষণ, পরিবহণের পদ্ধতি নির্ধারণ; (খ) মৎস্য ও মৎস্যপণ্যের মোড়ক সামগ্রী বিনির্দেশিকা, ধরন (Type), মান নির্ধারণ এবং উহা শনাক্তকরণ ও পরিদর্শনের পদ্ধতি নির্ধারণ; (গ) কারখানা বা স্থাপনার সরঞ্জাম, নির্মাণকার্য এবং মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি কার্যে ব্যবহৃত যানবাহন সম্পর্কিত শর্তাবলী নির্ধারণ; (ঘ) মৎস্য ও মৎস্যপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বরফ তৈরিতে পানীয় জলের ব্যবহার, উহার মান নির্ধারণ, মৎস্য ও মৎস্যপণ্য প্রক্রিয়াজাতকরণে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, এডিটিভিস, প্রিজারভেটিভ ও অ্যান্টি-অক্সিডেন্টের ব্যবহার এবং উহার মাত্রা নির্ধারণ; (ঙ) রপ্তানিকৃত মৎস্য ও মৎস্যপণ্য বিদেশ হইতে ফেরত আসা পরবর্তী ব্যবস্থাপনা নির্ধারণ; (চ) রপ্তানিকৃত বা ঘোষিত মৎস্য ও মৎস্যপণ্যের কনসাইনমেন্টের নন-কমপ্লায়েন্সের ক্ষেত্রে পণ্য দূষণের উৎস শনাক্তকরণের জন্য খামার, ডিপো, সরবরাহকারী ও কারখানা কর্তৃপক্ষের দায়িত্ব নির্ধারণ; (ছ) প্রক্রিয়াজাতকৃত মৎস্য ও মৎস্যপণ্যের মান নিশ্চিতকরণের জন্য Hazard Analysis Critical Control Point (HACCP) পদ্ধতি বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নির্ধারণ; (জ) কারাখানা বা প্রতিষ্ঠান বা মৎস্য খামারের মালিক কর্তৃক মৎস্য ও মৎস্যপণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এই মর্মে নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিষয় নির্ধারণ; (ঝ) মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উহার ব্যয় ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণ; (ঞ) মৎস্য ও মৎস্যপণ্য সংক্রান্ত যে কোনো ঝুঁকি (Risk) ও সংকট (Crisis) ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণ; (ট) মৎস্য ও মৎস্যপণ্যে ব্যবহারের জন্য স্থাপিত বরফকলের লাইসেন্স, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও শর্তাবলি নির্ধারণ; এবং (ঠ) সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত অন্য যে কোনো বিষয়।
সূচিপত্র দেখুন: মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০