বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০
ধারা ২সংজ্ঞা
প্রথম অধ্যায় প্রারম্ভিক
ধারা ২
2. সংজ্ঞা বিষয় অথবা প্রসংগের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অধ্যক্ষ’’ অর্থ আলিম, ফাযিল বা কামিল মাদ্রাসার অধ্যক্ষ (২) ‘‘আলিম মাদ্রাসা’’ অর্থ বোর্ডের অধিভুক্ত এবং আলিম মানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান; (৩) ‘‘আলিম মান’’ অর্থ আলিম কোর্সের মাদ্রাসা শিক্ষা, যাহা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কোর্সের সমমান; (৪) ‘‘ইবতেদায়ি মাদ্রাসা’’ অর্থ বোর্ডের অধিভুক্ত এবং ইবতেদায়ি মানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান; (৫) ‘‘ইবতেদায়ি মান’’ অর্থ ইবতেদায়ি কোর্সের মাদ্রাসা শিক্ষা, যাহা পঞ্চম শ্রেণির সমমান; (৬) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৭) ‘‘তত্ত্বাবধায়ক বা সুপারিনটেনডেন্ট’’ অর্থ দাখিল মাদ্রাসার প্রধান; (৮) ‘‘তহবিল’’ অর্থ ধারা ১৮ এর উপ-ধারা (১) এর অধীন গঠিত তহবিল; (৯) ‘‘দাখিল মাদ্রাসা’’ অর্থ বোর্ডের অধিভুক্ত এবং দাখিল মানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান; (১০) ‘‘দাখিল মান’’ অর্থ দাখিল কোর্সের মাদ্রাসা শিক্ষা, যাহা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোর্সের সমমান; (১১) ‘‘পরিচালনা পর্ষদ’’ অর্থ ধারা ৬ এর উপ-ধারা (১) এর অধীন গঠিত বোর্ডের পরিচালনা পর্ষদ; (১২) ‘‘তপশিল’’ অর্থ এই আইনের তপশিল; (১৩) ‘‘প্রবিধান’’ অর্থ ধারা ২৯ এর অধীন প্রণীত প্রবিধান; (১৪) ‘‘বিধি’’ অর্থ ধারা ২৮ এর অধীন প্রণীত বিধি; (১৫) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড; (১৬) ‘‘মাদ্রাসা’’ অর্থ ইসলামি শাস্ত্র শিক্ষা ও চর্চার জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এবং ইবতেদায়ি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা এবং আলিম মাদ্রাসাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (১৭) ‘‘মাদ্রাসা শিক্ষা’’ অর্থ ইবতেদায়ি মান, দাখিল মান ও আলিম মান সংক্রান্ত শিক্ষা; (১৮) ‘‘রেজিস্ট্রার’’ অর্থ বোর্ডের রেজিস্ট্রার; এবং (১৯) ‘‘সদস্য’’ অর্থ পরিচালনা পর্ষদের সদস্য।