বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০
প্রথম তফসিল[ধারা ২৯ দ্রষ্টব্য]
প্রথম তফসিল
"তপশিল-১ [ধারা ২৯ দ্রষ্টব্য] প্রবিধান
প্রথম তফসিল, ক্রমিক ১
১। চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব। (১) বোর্ড বা এই আইনের অধীনে গঠিত কোনো কমিটির সিদ্ধান্ত বা আদেশ চেয়ারম্যান তাঁহার সুপারিশসহ সরকারের নিকট সরকার যেইভাবে সঙ্গত মনে করিবে সেইভাবে আদেশের জন্য অগ্রায়ন করিতে পারিবেন এবং এইরূপ সিদ্ধান্ত বা আদেশের প্রেক্ষিতে সরকারের আদেশ না পাওয়া পর্যন্ত চেয়ারম্যান বোর্ডের এইরূপ সিদ্ধান্ত বা আদেশ বাস্তবায়ন স্থগিত রাখিতে পারিবেন। (২) বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ যাহাতে তাঁহাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহা নিশ্চিত করিতে চেয়ারম্যান সকল ব্যবস্থা গ্রহণ করিবেন এবং বিশেষভাবে তিনি (ক) বোর্ডের কর্মকর্তাদের আচরণ, চরিত্র ও দক্ষতা সম্পর্কে গোপনীয় অনুবেদন প্রণয়ন করিবেন; (খ) বোর্ডের যে কোনো কর্মকর্তার বিরম্নদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বিবেচনা করিলে তিনি বোর্ডের নিকট তাহা সুপারিশ করিবেন; (গ) বোর্ডের কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সমীচীন বিবেচিত হইলে বোর্ডের নিকট আপিল সাপেক্ষে তিনি তাঁহার বিরুদ্ধে এইরূপ ব্যবস্থা গ্রহণ করিবেন। (৩) চেয়ারম্যান বোর্ডের কর্মকর্তা ও সদস্যদের (নিজের বিলসহ) এবং এই আইনের অধীনে নিযুক্ত কমিটির সদস্যদের ভ্রমণভাতা বিলে প্রতিস্বাক্ষর করিবেন। (৪) এই আইনের বিধানসমূহ বাস্তবায়নের উদ্দেশ্যে অধিভুক্ত কোনো মাদ্রাসা বা অধিভুক্তির জন্য আবেদন করিয়াছে এমন মাদ্রাসার বিষয় সম্পর্কে চেয়ারম্যান পরিদর্শন করিতে অথবা বোর্ডের কোনো কর্মকর্তা অথবা তিনি যাহাকে উপযুক্ত মনে করেন এমন ব্যক্তি দ্বারা পরিদর্শন করাইতে ক্ষমতা লাভ করিবেন এবং একইভাবে বোর্ড সংক্রান্ত কোনো বিষয় সম্পর্কে তদন্ত করাইতে পারিবেন। (৫) চেয়ারম্যান বোর্ডের পরীক্ষা উপলক্ষে প্রশ্নপত্র প্রণেতা, প্রশ্নপত্র পরিমার্জনকারী, অনুবাদক, পরীক্ষক, প্রধান পরীক্ষক, সহকারী প্রধান পরীক্ষক, নিরীক্ষক এবং ফল বিন্যাসকারকদের পরীক্ষা কমিটির সুপারিশ বিবেচনা করিয়া নিয়োগ করিবেন। (৬) এই আইন ও প্রবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নহে এমন কোনো বিষয়ে চেয়ারম্যান প্রয়োজন মনে করিলে লিখিত আদেশের মাধ্যমে বোর্ডের কর্মকর্তাগণকে তাঁহার কোনো ক্ষমতা অর্পণ করিতে পারিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ২
২। রেজিস্ট্রারের ক্ষমতা ও দায়িত্ব। (১) রেজিস্ট্রার চেয়ারম্যানের নিয়ন্ত্রণাধীন বোর্ডের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করিবেন এবং চেয়ারম্যানের আদেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করিবেন। (২) রেজিস্ট্রার নিম্নলিখিত ক্ষমতা ও দায়িত্ব পালন করিবেন। যেমন (ক) বোর্ডের তহবিল যে উদ্দেশ্য সাধনের জন্য ধার্য করা হইয়াছে সে উদ্দেশ্যে ব্যয় করা হইতেছে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করিবেন; (খ) তিনি বার্ষিক হিসাব ও বাজেট বিবরণী প্রস্তুত করাইবেন এবং বোর্ডের অনুমোদনের জন্য তাহা পেশ করিবেন; (গ) তিনি চেয়ারম্যানের নির্দেশক্রমে পরিচালনা পর্ষদ ও কমিটির সকল সভা আহ্বান করিবেন। পরিচালনা পর্ষদ অথবা কমিটির সভার আলোচ্যসূচি প্রণয়নের সময় এই উপলক্ষে চেয়ারম্যানের নির্দেশ কার্যকর করিবেন এবং চেয়ারম্যানের পূর্ব-অনুমতি ব্যতিরেকে আলোচ্যসূচিতে কোনো বিষয় স্থান পাইবে না বা সভায় বিবেচনা করা যাইবে না; (ঘ) তিনি চেয়ারম্যানের কর্তৃত্বাধীন পরীক্ষা পরিচালনা সংক্রান্ত পত্রযোগাযোগ ব্যতীত বোর্ডের সকল দাপ্তরিক পত্রযোগাযোগ করিবেন এবং পরিচালনা পর্ষদ ও কমিটিসমূহের সভার সিদ্ধান্ত রেকর্ড রাখিবেন এবং কার্যবিবরণী সংরক্ষণ করিবেন; (ঙ) বোর্ডকে প্রদেয় সকল ফিস ও পাওনা এবং রেজিস্ট্রার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ বোর্ডের অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে বোর্ডের হিসাবে তাৎক্ষণিক জমা করিবেন; (চ) তিনি বোর্ডের কর্মচারীদের ব্যয়ন কর্মকর্তা হইবেন এবং তিনি সঠিকভাবে কর্তন ও আদায়ের জন্য দায়ী থাকিবেন এবং নিশ্চিত হইবেন যে, এইরূপ অর্থ মাদ্রাসা শিক্ষা তহবিলের সঠিক হিসাবের খাতে জমা হইয়াছে; (ছ) তিনি আয়ন কর্মকর্তা হিসাবে চেয়ারম্যানের সাথে যৌথভাবে ৫০০০/- (পাঁচ হাজার) টাকার ঊর্ধ্বের সকল চেকে স্বাক্ষর করিবেন এবং ৫০০০/- (পাঁচ হাজার) টাকা ও তাঁহার নিচের সকল চেকে রেজিস্ট্রার এককভাবে স্বাক্ষর করিবেন; (জ) তিনি বোর্ডের ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার স্থায়ী অগ্রিম অর্থের সংরক্ষক হইবেন এবং এককভাবে অনূর্ধ্ব ৫০০০/- (পাঁচ হাজার) টাকা পর্যন্ত সাধারণ ব্যয় করিতে পারিবেন এবং যে কোনো অস্বাভাবিক ব্যয় এবং ৫০০০/- (পাঁচ হাজার) টাকার ঊর্ধ্বে যে কোনো অর্থ ব্যয়ের পূর্বে চেয়ারম্যানের পূর্ব অনুমোদন গ্রহণ করিতে হইবে; (ঝ) অনুচ্ছেদ (জ)-তে বর্ণিত শর্তসাপেক্ষে তিনি সকল আনুষঙ্গিক ও অন্যান্য বিলের অর্থ উত্তোলন ও বিতরণ করিবেন; (ঞ) তিনি বোর্ডের কর্মচারীদের ভ্রমণভাতা বিলের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হইবেন; (ট) তিনি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অন্য সকল দায়িত্ব পালন করিবেন। (৩) এই প্রবিধানের পরিপন্থি কোনো কিছু থাকা সত্ত্বেও পরিচালনা পর্ষদ অন্য কোনো কর্মকর্তা ও কর্মকর্তাগণকে সময়ে সময়ে রেজিস্ট্রারের কোনো কোনো ক্ষমতা অর্পণ করিতে পারিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৩
৩। পরীক্ষা নিয়ন্ত্রকের ক্ষমতা ও দায়িত্ব। (১) পরীক্ষা নিয়ন্ত্রক চেয়ারম্যানের নিয়ন্ত্রণাধীনে বোর্ডের পরীক্ষা শাখার দায়িত্বপ্রাপ্ত হইবেন এবং বোর্ডের পরীক্ষাসমূহ অনুষ্ঠান ও পরিচালনার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করিবেন; (২) বিশেষ করিয়া পূর্বের বিধানের ধারাবাহিকতা ক্ষুণ্ন না করিয়া পরীক্ষা নিয়ন্ত্রক নিম্নলিখিত ক্ষমতা ভোগ ও দায়িত্ব পালন করিবেন; যেমন : (ক) তিনি বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার দাখিলা ফরম গ্রহণ করিবেন এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় পত্র যোগাযোগ করিবেন এবং প্রবিধান মোতাবেক সকল দলিলপত্র জারি করিবেন; (খ) তিনি (অ) যথাসময় প্রশ্নপত্র প্রণয়ন, অনুবাদ, পরিশোধন, মুদ্রণ ও সকল স্তরে এইগুলির নিরাপদ সংরক্ষণ এবং বিষয়বস্তুর গোপনীয়তা রক্ষা করিবেন; (আ) সকল পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে সঠিকভাবে প্রশ্নপত্র এবং পরীক্ষার মালামাল বিতরণ করিবেন; (ই) সকল কেন্দ্র হইতে সকল উত্তরপত্র, পরীক্ষার অবশিষ্ট মালামাল, লিখিত কাগজপত্র ও অন্যান্য দলিলাদি সংগ্রহ করিবেন; (ঈ) পরীক্ষকগণের সভা অনুষ্ঠান, উত্তরপত্র পরীক্ষকগণের নিকট বিতরণ এবং পরীক্ষকগণের নিকট হইতে পরীক্ষিত উত্তরপত্র ও নম্বরফর্দ সংগ্রহ করিবেন; (উ) পরীক্ষিত উত্তরপত্রগুলি প্রধান পরীক্ষকগণের নিকট প্রেরণ, তাঁহাদের নিকট হইতে নম্বরপত্র সংগ্রহ এবং তাহা সংশ্লিষ্ট ফল বিন্যাসকারীদের নিকট প্রেরণ করিবেন; (ঊ) ফল বিন্যাসকারীদের নিকট হইতে বিন্যস্ত ফলাফল গ্রহণ করিবেন; (এ) যথাসময় ফলাফল প্রকাশ করিবেন; (ঐ) উত্তীর্ণ প্রার্থীগণকে যথাসময়ে প্রত্যয়নপত্র প্রদান করিবেন। (গ) তিনি দাখিল ও আলিম পরীক্ষার সকল সনদ স্বাক্ষর করিবেন : তবে শর্ত থাকে যে, বোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অথবা সহকারী পরীক্ষা নিয়ন্ত্রককে সনদে স্বাক্ষর প্রদানের ক্ষমতা প্রদান করিতে পারিবেন; (ঘ) তিনি বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যসমূহের কঠোর গোপনীয়তা নিশ্চিত করিবেন; (ঙ) তিনি নিম্নলিখিত বিষয় সম্পর্কে পরীক্ষা কমিটির সুপারিশ চেয়ারম্যানের নিকট দাখিল করিবেন : (অ) নতুন পরীক্ষা কেন্দ্র স্থাপন ও প্রয়োজনবোধে পুরাতন পরীক্ষা কেন্দ্রকে বাতিলকরণসহ পরীক্ষা কেন্দ্র নির্বাচন; এবং (আ) অন্যান্য সকল বিষয় যাহা তিনি প্রয়োজন মনে করেন এবং যে বিষয় সম্পর্কে চেয়ারম্যান তাঁহাকে দায়িত্ব প্রদান করেন; (চ) চেয়ারম্যান কর্তৃক তাঁহার উপর অর্পিত অন্যান্য সকল দায়িত্ব পালন করিবেন; (ছ) পরীক্ষা সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন জনিত ঘটনাগুলির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পূর্ণ প্রতিবেদনসহ তিনি চেয়ারম্যানের গোচরীভূত করিবেন; (জ) কোনো সভার আলোচ্যসূচিতে বোর্ডের পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় অন্তর্ভুক্ত থাকিলে তিনি সেই সকল সভায় যোগদান করিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৪
৪। একাডেমিক কমিটির গঠন, ক্ষমতা ও কার্যাবলি । (১) একাডেমিক কমিটি নিম্নোক্ত সদস্য সমন্বয়ে গঠিত হইবে (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) রেজিস্ট্রার পদাধিকারবলে; (গ) পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদাধিকারবলে; (ঘ) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর অথবা তাঁহার মনোনীত প্রতিনিধি; (ঙ) চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অথবা তাঁহার মনোনীত প্রতিনিধি; (চ) এই আইনের ৬ ধারার (ছ) উপ-ধারার মতে সরকার কর্তৃক মনোনীত একজন পদাধিকারবলে; (ছ) এই আইনের ৬ ধারার (জ) উপ-ধারার মতে সরকার কর্তৃক মনোনীত একজন পদাধিকারবলে; (জ) বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষগণের মধ্য হইতে চেয়ারম্যান কর্তৃক মনোনীত ০২(দুই) জন; (ঝ) শিক্ষক প্রশিক্ষক অন্তর্ভুক্তিপূর্বক সরকার কর্তৃক মনোনীত ০৩(তিন) জন বিশেষজ্ঞ; (ঞ) প্রকাশনা নিয়ন্ত্রক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, সদস্য-সচিব পদাধিকারবলে; (২) পদাধিকারবলে নিযুক্ত সদস্য ব্যতীত একাডেমিক কমিটির অন্যান্য সদস্যগণ ০২(দুই) বছর সময়ের জন্য স্বীয় পদে বহাল থাকিবেন। (৩) একাডেমিক কমিটির সভা অনুষ্ঠানের জন্য ০৫ (পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে কোরাম হইবে। (৪) একাডেমিক কমিটির শিক্ষা ও পরীক্ষার মান বজায় রাখিবার নিমিত্তে সাধারণ নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং দায়িত্ব পালনের ক্ষমতা থাকিবে। (৫) উপ-প্রবিধান ৫ এর বিধান ক্ষুণ্ন না করিয়া একাডেমিক কমিটি নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবে; যথা: (ক) শিক্ষাদান ও পরীক্ষার মান বজায় রাখা; (খ) মাদ্রাসা শিক্ষার প্রতিটি স্তর ও শ্রেণির শিক্ষাক্রম এবং পাঠ্যসূচি কারিকুলা এন্ড কোর্সেস অব স্টাডিজ কমিটির মাধ্যমে নির্ধারণ করা; (গ) শিক্ষকবৃন্দ ও পরীক্ষকগণের যোগ্যতার বিষয়ে বোর্ডের চেয়ারম্যানকে পরামর্শ দান করিবে; (ঘ) বোর্ডকে নিম্নলিখিত বিষয়সহ সকল একাডেমিক বিষয়ে পরামর্শ দান করা; (অ) পরীক্ষার জন্য পঠিতব্য বিষয়সমূহের সাধারণ পরিকল্পনা প্রণয়ন; (আ) পরীক্ষার অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিষয়ের সংখ্যা নির্ধারণ; (ই) স্তর ও শ্রেণিভিত্তিক বিষয়সমূহের নম্বর বণ্টন; এবং (ঈ) পরীক্ষা পাস এবং কোনো বিশেষ বিভাগে পাসের জন্য শর্তাবলি নির্ধারণ করা।
প্রথম তফসিল, ক্রমিক ৫
৫। কারিকুলা এন্ড কোর্সেস অব স্টাডিজ কমিটির গঠন ও কার্যাবলি। ― (১) বোর্ড কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাধারার অন্তর্ভুক্ত প্রতিটি বিষয় বা বিষয় সমষ্টির জন্য একটি করিয়া কারিকুলা এন্ড কোর্সেস অব স্টাডিজ কমিটি থাকিবে এবং এইরূপ প্রতিটি কমিটি নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে: (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) রেজিস্ট্রার পদাধিকারবলে; (গ) একাডেমিক কমিটি কর্তৃক মনোনীত আলিম স্তরে পাঠদানকারী সংশ্লিষ্ট বিষয়ের দুইজন অভিজ্ঞ শিক্ষক; (ঘ) একাডেমিক কমিটি কর্তৃক মনোনীত দাখিল স্তরে পাঠদানকারী দুইজন শিক্ষক; (ঙ) পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত মাদ্রাসা শিক্ষায় অভিজ্ঞতা সম্পন্ন দুইজন ব্যক্তি; (চ) চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন বিষয় বিশেষজ্ঞ; (ছ) প্রকাশনা নিয়ন্ত্রক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, সদস্য-সচিব পদাধিকারবলে : তবে শর্ত থাকে যে, যদি কোনো বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পাওয়া না যায় বোর্ডের চেয়ারম্যান সংশ্লিষ্ট বিষয়ের কারিকুলা এন্ড কোর্সেস অব স্টাডিজ কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করিতে পারিবেন যাহা ০৯ (নয়) হইতে কম হইতে পারে এবং যাহারা শিক্ষক নহেন অথচ যোগ্য এমন ব্যক্তিদেরকেও তিনি কোনো বিশেষ বিষয়ের কারিকুলা এন্ড কোর্সেস অব স্টাডিজ কমিটির সদস্য হিসেবে মনোনয়নের অনুমতি দিতে পারিবেন। (২) পদাধিকারবলে নিযুক্ত সদস্যগণ ব্যতীত কারিকুলা এন্ড কোর্সেস অব স্টাডিজ কমিটির অন্যান্য সদস্যগণ ০২ (দুই) বছর মেয়াদকাল বহাল থাকিবেন। (৩) কারিকুলা এন্ড কোর্সেস অব স্টাডিজ কমিটি সংশ্লিষ্ট বিষয় বা বিষয় সমষ্টির শিক্ষা সংক্রান্ত দিক বিবেচনা করিবে এবং একাডেমিক কমিটির নিকট শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও নির্ধারিত পাঠ্যপুস্তক এবং বিষয় বা বিষয় সমষ্টির সংশ্লিষ্ট পরীক্ষা পাশের জন্য পূরণীয় শর্তাবলি সম্পর্কে সুপারিশ করিবে। (৪) কারিকুলা এন্ড কোর্সেস অব স্টাডিজ কমিটির সভার কোরামের জন্য ০৫ (পাঁচ) জন সদস্যকে উপস্থিত থাকিতে হইবে।
প্রথম তফসিল, ক্রমিক ৬
৬। অর্থ কমিটির গঠন ও কার্যাবলি। (১) অর্থ কমিটি নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে : (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপ-পরিচালক (অর্থ), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদাধিকারবলে; (গ) পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত একজন সদস্য; (ঘ) সরকার কর্তৃক মনোনীত দুইজন সদস্য; (ঙ) রেজিস্ট্রার, সদস্য-সচিব পদাধিকারবলে। (২) অর্থ কমিটির সভার কোরামের জন্য ০৩ (তিন) জন সদস্য উপস্থিত থাকিতে হইবে। (৩) অর্থ কমিটির নিম্নলিখিত ক্ষমতা থাকিবে : (ক) বোর্ডের বাজেট প্রাক্কলন প্রস্তুত করা এবং প্রয়োজন অনুসারে সংশোধন; (খ) প্রাক্কলিত ও বরাদ্দকৃত বাজেট প্রয়োজন অনুসারে উপযোজনের মাধ্যমে এক খাত হইতে অন্য খাতে স্থানান্তরের সুপারিশ করা; (গ) বাজেটে প্রাক্কলনের ব্যবস্থা করা হয় নাই এমন বিশেষ ধরনের খরচের জন্য বা বিশেষ পরিদর্শক বা বিশেষজ্ঞের ভ্রমণের জন্য ভ্রমণ ভাতার বিশেষ হারের সুপারিশ করা; (ঘ) মাঝে মাঝে পরিচালনা পর্ষদের আর্থিক পরিস্থিতি পরীক্ষা করিয়া দেখা এবং ইহার আর্থিক উন্নতির জন্য পরিচালনা পষদের নিকট সুপারিশ করা; (ঙ) সময় সময় বোর্ডের হিসাবের তদারকি করা এবং প্রয়োজনে অভ্যন্তরীণ নিরীক্ষক নিয়োগের সুপারিশ করা; (চ) প্রবিধান অনুসারে বোর্ডের বাজেট প্রস্তুত এবং হিসাব সংরক্ষণ পদ্ধতি নির্ধারণ করা; (ছ) আর্থিক বিষয় সম্পর্কিত প্রবিধানসমূহে প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজনের সুপারিশ করা; (জ) নিরীক্ষা প্রতিবেদন বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য সুপারিশ করা; (ঝ) চেয়ারম্যান কর্তৃক প্রেরিত কোনো বিষয় বিবেচনাপূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য সুপারিশ করা; (৪) পদাধিকারবলে নিযুক্ত সদস্য ব্যতীত অর্থ কমিটির অন্যান্য সদস্যগণের কার্যকালের মেয়াদ হইবে ০২ (দুই) বছর।
প্রথম তফসিল, ক্রমিক ৭
৭। বাছাই কমিটির গঠন ও কার্যাবলী। (১) বাছাই কমিটি নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে : (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা; (গ) উপ-পরিচালক (প্রশাসন), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদাধিকারবলে; (ঘ) সরকার কর্তৃক মনোনীত দুইজন সদস্য; এবং (ঙ) এই আইনের ৬ ধারার (চ) উপধারার অধীনে সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদাধিকারবলে; (চ) রেজিস্ট্রার, সদস্য-সচিব পদাধিকারবলে। (২) বাছাই কমিটি বোর্ডের গ্রেড-১২ এবং তদূর্ধ্ব কর্মকর্তা নিয়োগ অথবা পদোন্নতির জন্য সুপারিশ করিবে। (৩) বাছাই কমিটির সভার কোরামের জন্য চার জন সদস্যকে উপস্থিত থাকিতে হইবে। (৪) পদাধিকারবলে নিযুক্ত সদস্য ব্যতীত বাছাই কমিটির অন্যান্য সদস্যগণের কার্যকালের মেয়াদ হইবে ০২ (দুই) বছর। (৫) এই প্রবিধানের বিধান সাপেক্ষে চেয়ারম্যান উপধারা-২ ব্যতীত যে সকল কর্মচারীর নিয়োগকর্তা তাঁহাদের নিয়োগ ও পদোন্নতি প্রদানের জন্য বোর্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাগণের সমন্বয়ে নূন্যপক্ষে ০৫ (পাঁচ) সদস্যের একটি বাছাই কমিটি চেয়ারম্যান গঠন করিতে পারিবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৮
৮। উপ-কমিটি ইত্যাদি নিয়োগ। (১) পরিচালনা পর্ষদ যে কোনো কমিটি যে কোনো কার্য সম্পাদনের জন্য যেইরূপ উপযুক্ত মনে করে সেইরূপ উপ-কমিটি গঠন করিতে পারিবে। (২) কোনো ব্যক্তি কোনো সদস্য হওয়ার কারণে উহার অধীনস্থ কোনো উপ-কমিটির সদস্য হইয়া থাকিলে, ঐ কমিটির সদস্যপদ হারাইলে তিনি অধীনস্থ উপ-কমিটিরও সদস্যপদ হারাইবেন।
প্রথম তফসিল, ক্রমিক ৯
৯। মাদ্রাসার অধিভুক্তি ইত্যাদি। (১) স্বীকৃতির শর্তাবলি যথাযথভাবে প্রতিপালিত হইয়াছে মর্মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হইতে সন্তোষজনক প্রতিবেদনপ্রাপ্ত হইলে বোর্ড বিবেচ্য ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা এবং আলিম মাদ্রাসার স্বীকৃতি প্রদান করিবে এবং বোর্ড প্রয়োজন বোধ করিলে নিজস্ব কর্মকর্তা কিংবা চেয়ারম্যান কর্তৃক নিযুক্ত একজন বিশেষজ্ঞ দ্বারা অথবা উভয়ের সমন্বয়ে এইরূপ মাদ্রাসার যৌথ তদন্ত সম্পন্ন করিতে পারিবে। (২) বোর্ডের পূর্ব অনুমতি ব্যতীত ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ পরবর্তী উচ্চতর শ্রেণি চালু করিতে পারিবে না। (৩) কোনো মাদ্রাসা অধিভুক্তি বা উচ্চতর মান বা নতুন বিষয় বা বিভাগ প্রবর্তনের অনুমতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হইয়াছে মর্মে সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে বোর্ড সংশ্লিষ্ট মাদ্রাসার অধিভুক্তি অথবা বর্ণিত অনুমতি বাতিল এবং ইতোমধ্যে প্রদত্ত অনুমতি প্রত্যাহার করিতে পারিবে।