খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১
ধারা ২০সিন্ডিকেট
ধারা ২০
20. সিন্ডিকেট (১) সিন্ডিকেট নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : - (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত জাতীয় সংসদের ২ (দুই) জন সদস্য; (গ) উপ-উপাচার্যগণ; (ঘ) বিভাগীয় কমিশনার, খুলনা বা তাহার নিযুক্ত প্রতিনিধি; (ঙ) উপাচার্য, [বাংলাদেশ] মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (চ) কোষাধ্যক্ষ; (ছ) সকল ডিন; (জ) অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণের মধ্য হইতে ১ (এক) জন করিয়া বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব পর্যায়ের শিক্ষকগণের ভোটে নির্বাচিত সদস্য; (ঝ) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি যাহারা কোনো গবেষণা প্রতিষ্ঠানের সদস্য বা চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান রাখিয়াছেন; (ঞ) আচার্য কর্তৃক মনোনীত অ্যাকাডেমিক কাউন্সিলের ১ (এক) জন সদস্য; (ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১ (এক) জন পূর্ণকালীন সদস্য; (ঠ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; (ড) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঢ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ণ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ত) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (থ) অধিভুক্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষগণের মধ্য হইতে আচার্য কর্তৃক পালাক্রমে মনোনীত ২ (দুই) জন অধ্যক্ষ; (দ) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি বা তৎকর্তৃক মনোনীত সহ-সভাপতির নিম্নে নহেন এইরূপ ১ (এক) জন প্রতিনিধি; (ধ) বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনের সভাপতি বা তৎকর্তৃক মনোনীত সহ-সভাপতির নিম্নে নহেন এইরূপ ১ (এক) জন প্রতিনিধি; (ন) বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি বা তৎকর্তৃক মনোনীত সহ-সভাপতির নিম্নে নহেন এইরূপ ১ (এক) জন প্রতিনিধি; (প) বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি বা তৎকর্তৃক মনোনীত প্রতিনিধি; এবং (ফ) রেজিস্ট্রার, যিনি ইহার সচিবও হইবেন। (২) সিন্ডিকেটের যে কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন : আরও শর্ত থাকে যে, কোনো ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য বা কোনো অ্যাসোসিয়েশন বা ইউনিয়নের সভাপতি বা সদস্য বা সরকারি কর্মচারী হিসাবে সিন্ডিকেটের সদস্য হইয়া থাকেন, তাহা হইলে তিনি যতদিন পর্যন্ত অনুরূপ শিক্ষক, ডিন, সভাপতি, সদস্য বা সরকারি কর্মচারী থাকিবেন, ততদিন পর্যন্ত সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। (৩) সিন্ডিকেটের মনোনীত কোনো সদস্য একাদিক্রমে ২ (দুই) মেয়াদের অধিক মনোনীত হইতে পারিবেন না।